২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের জাদুর গল্প আর কুম্বলের ক্ষোভ

মতি নন্দীর এক উপন্যাসের শেষটা ছিল এমন। ফাস্ট বোলার নায়ক অনেক বলে কয়ে অধিনায়ককে রাজি করিয়ে বল নিলেন, তারপর অলৌকিক বোলিংয়ে ম্যাচ জেতালেন দলকে। উপন্যাসে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, নায়ক ভারতীয়। সিডনি টেস্টে নায়ক অস্ট্রেলিয়ান, প্রতিপক্ষ ভারত। মাইকেল ক্লার্ক অনেক অনুনয় করে রাজি করিয়েছেন রিকি পন্টিংকে। আর বাকিটা ইতিহাস। রোববার অবিশ্বাস্য জয় দিয়ে নিজেদের টানা ১৬ টেস্ট জয়ের রেকর্ড ছুঁয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ-পরের সংবাদ সম্মেলনে পন্টিং ক্লার্কের জাদুর পেছনের গল্পটা জানিয়ে বলেছেন, "ক্যারিয়ারে এমন অবিশ্বাস্য জয় আমি আর পাইনি। পঞ্চম দিনের শেষ আট-দশ মিনিটে গিয়ে কোনো টেস্ট জেতার অনুভূতি কখনোই মুখে বোঝানো যায় না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

সিডনি, ৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মতি নন্দীর এক উপন্যাসের শেষটা ছিল এমন। ফাস্ট বোলার নায়ক অনেক বলে কয়ে অধিনায়ককে রাজি করিয়ে বল নিলেন, তারপর অলৌকিক বোলিংয়ে ম্যাচ জেতালেন দলকে। উপন্যাসে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া, নায়ক ভারতীয়। সিডনি টেস্টে নায়ক অস্ট্রেলিয়ান, প্রতিপক্ষ ভারত। মাইকেল ক্লার্ক অনেক অনুনয় করে রাজি করিয়েছেন রিকি পন্টিংকে। আর বাকিটা ইতিহাস। রোববার অবিশ্বাস্য জয় দিয়ে নিজেদের টানা ১৬ টেস্ট জয়ের রেকর্ড ছুঁয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ-পরের সংবাদ সম্মেলনে পন্টিং ক্লার্কের জাদুর পেছনের গল্পটা জানিয়ে বলেছেন, "ক্যারিয়ারে এমন অবিশ্বাস্য জয় আমি আর পাইনি। পঞ্চম দিনের শেষ আট-দশ মিনিটে গিয়ে কোনো টেস্ট জেতার অনুভূতি কখনোই মুখে বোঝানো যায় না।" পন্টিং জানিয়েছেন ভারতের বিপক্ষে ২০০৪ সালের অভিষেকেই ৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন ক্লার্ক তার পার্টটাইম স্পিনে। শেষ আধঘণ্টা ক্লার্কের চাপাচাপিতে সায় দেওয়ার সময় কথাটা মাথায় ছিল অস্ট্রেলিয়ান অধিনায়কের। বলেছেন, "মাইকেল ক্লার্কের স্পর্শে জাদু আছে। ও আমার কাছ থেকে বল নেওয়ার সব বলছিল যে ম্যাচটা জেতার মতো যথেষ্ট সময় নাকি আমাদের আছে। ছেলেটা সবসময়ই আত্মবিশ্বাসী।" পন্টিং স্বীকার করেছেন ইনিংস ঘোষণার সময়ই তার ভয় হচ্ছিল হিসেবে গোলমাল হয়ে গেছে কিনা ভেবে। ৩৩৩ রানের জয়ের লক্ষ্য দিয়ে বোলারদের ১০ উইকেট পেতে ৭২ ওভার বেধে দিয়েছিলেন তিনি। তার ভাষায়, "আমি সতর্ক ছিলাম ভারতীয়দের জন্য রান তাড়া করাটা যেন সহজ না হয়। এমন পরিস্থিতি চেয়েছিলাম যেখানে আমরাই শুধু জিতি। দিনের শেষ আধঘণ্টা আসলে ছিল অনেকটা জুয়ার মতো। ছক্কা গড়িয়ে দেওয়া।" অস্ট্রেলিয়ার এই জয় একদিক থেকে যেমন অবিশ্বাস্য এবং নাটকীয়, আরেকদিক থেকে চরম বিতর্কিত। এমনিতে ১২২ রানের হারে খুশী হওয়ার কোনো কারণ নেই অনিল কুম্বলের। কিন্তু যেভাবে জয় পেয়েছে প্রতিপক্ষ তাতে অনেকখানিই ক্ষুব্ধ ভারত অধিনায়ক। অস্ট্রেলিয়াকে সরাসরি অভিযুক্ত করেছেন তিনি ক্রিকেটের চেতনার বিপরীত পথে হাঁটার। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়ার সঙ্গে অনেক মিল পাওয়া গেছে ক্রিকেট ইতিহাসে অমর হয়ে যাওয়া বিল উডফুলের সেই স্মরণীয় উক্তিটির। বডিলাইন সিরিজে ইংলিশদের অনৈতিক ম্যাচ কৌশলের সমালোচনায় উডফুল যা বলেছিলেন, কুম্বলের ভাষাও ছিলও তাই, "মাত্র একটি দলই ক্রিকেটের সত্যিকার চেতনা মেনে খেলেছে।" অস্ট্রেলিয়ানদের সরাসরি অভিযুক্ত করার ব্যাপারে বিধিমালার নিগড়ে বাধা পড়েছেন জানালেও, আউট হওয়ার পরও তাদের মাঠ না ছাড়ায় ক্ষোভ লুকোননি কুম্বলে। গোটা ম্যাচেই বাজে আম্পায়ারিং হয়েছে, আর এর বেশিরভাগ গেছে ভারতের বিপক্ষে। প্রথম ইনিংসে বিপাকে পড়া অস্ট্রেলিয়াকে ১৬২ রানের অপরাজিত ইনিংস দিয়ে টেনে তুলেছিলেন অ্যান্ড্রু সায়মন্ডস। কিন্তু প্রথম দিনের খেলা শেষে নিজেই সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে ৩০ রানের মাথায় তিনি আউট ছিলেন যা স্টিভ বাকনর দেননি। কুম্বলে বলেছেন, "আমি সারাজীবন আন্তরিক ও সৎভাবে ক্রিকেট খেলেছি। আমার দল যখন মাঠে নামে, তাদের মনোভাবও তাই থাকে। অস্ট্রেলিয়ানদের কাছেও আমার একই প্রত্যাশা।" বিশেষ করে শেষ দিনে রাহুল দ্রাবিড়ের ব্যাটে বল না লাগার পরও অস্ট্রেলিয়ানদের আপিলে আম্পায়ারের সায়ে ক্ষুব্ধ কুম্বলের প্রতিক্রিয়া, "আমাদের মধ্যে একটা ব্যাপারে ঐক্যমত হয়েছিল যে আমরা সৎ থাকব। কোনো খেলোয়াড় যখন সত্যিই ক্যাচ নেবে সেটা সে বলবে এবং অধিনায়কের সম্মতি পেলে আম্পায়ার তাকে আউট দেবেন।" তবে এত কিছুর পরও ম্যাচটা ভারতের হারা উচিত হয়নি বলেই জানিয়েছেন কুম্বলে। তার মতে, "ড্র-ই ছিল এ ম্যাচের সঠিক ফলাফল। গত ২৫ বছর ধরে সব ধরণের ক্রিকেট খেলার পর এমন একটা হার মেনে নেওয়া কঠিন।" তারপর যোগ করেছেন, "আমাদের হয়তো আরেকটু লড়াকু হওয়া উচিত ছিল আর তাতে ম্যাচটা আমরা বাঁচাতে পারতাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮২০ঘ.