ঢাকা, ৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- "আমাদের কেবল কয়েকটা ভালো সেশন দরকার। তাহলেই আমাদের আত্মবিশ্বাসটা ফিরে আসবে"--- ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ডানেডিন টেস্ট শুরুর একদিন আগে বলেছিলেন মোহাম্মদ আশরাফুল। তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকীর সুবাদে হারানো আত্মবিশ্বাসটা ফিরেছে বলেও দাবি করলেন বাংলাদেশ অধিনায়ক।
দুই ওপেনার স্কোরবোর্ডে বিনা উইকেটে ১৪৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করার পর তিনি বললেন, "যদি ওপেনাররা আজকের মতোই খেলে যায় এবং আমরা মিডল অর্ডারে রান করি, তাহলে এই টেস্ট থেকে ইতিবাচক কিছু পাওয়া খুবই সম্ভব। যদিও প্রথম ইনিংসে ১৩৭ রানে অলআউট হওয়ার পর আমাদের ফিরে আসাটা ভীষণ কঠিন ছিল। কিন্তু তামিম ও জুনায়েদ সেই পথটা দেখানোর পাশাপাশি দলে আত্মবিশ্বাসের জোগানটাও দিয়েছে। ব্যাটিংয়ের জন্য এখানে দুর্দান্ত উইকেটও পেয়েছি আমরা। এখন এই সুবিধাটা আমাদের কাজে লাগাতে হবে।"
ওপেনাররা শক্ত ভিত্তি দিয়েছেন। তাদের ১৪৮ রানের অপরাজিত জুুটিই এখন টেস্টে বাংলাদেশের ওপেনিংয়ে সেরা। এর আগের সর্বোচ্চ ১৩৩ রানের উদ্বোধনী জুটিতে জাভেদ ওমরের সঙ্গী ছিলেন তামিমের অগ্রজ নাফিস ইকবাল। রেকর্ডটি নিজেদের পরিবারেই থেকে যাওয়ার আনন্দ ঝরলো এই টেস্টেই অভিষিক্ত ওপেনারের কথায়, "নতুন একটা রেকর্ড গড়ার অনুভূতি তো দারুণই হয়। আরো ভালো লাগছে এজন্য যে রেকর্ডটা আমাদের ফ্যামিলিতেই রয়ে গেছে।"
তবে এখানেই থামতে চাইছেন না তামিম। বরং টেস্টের তৃতীয় দিনে দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদ তার কথায়, "এখনো অনেক কাজ বাকি। যতোটা বেশি সম্ভব আমরা ব্যাট করতে চাই। এবং সেটা আজকের মতো করেই।" একই সুর তার ওপেনিং সঙ্গী জুনায়েদের কথাতেও, "সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উইকেটে টিকে থাকা। উইকেটে বোলারদের জন্য তেমন কিছু নেইও। তাছাড়া এই ম্যাচের অনেক সময় বাকি। আমাদের তাড়াহুড়ো করারও কোনো দরকার নেই। আজ (শনিবার) ওরা (নিউজিল্যান্ড বোলাররা) শর্ট বল করেছে। আমাদের উইকেটে বেঁধে রাখার চেষ্টা করেছে। বোলিংয়ে অনেক বৈচিত্র্য মিশিয়েছে। কিন্তু প্রথম ইনিংসের ভুলগুলো আর আমরা করছিলাম না।"
তামিম-জুনায়েদের ব্যাটিংয়ে অবশ্য মাশরাফি বিন মর্তুজার বোলিংয়ের কথা একদমই ভুলে যাওয়া উচিত নয়। বেশ কিছুদিন ধরেই ছন্দে না থাকা মাশরাফি ২৩ ওভারে ৭৪ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। নিয়মিত ১৪০ কিলোমিটার গতিতে বল করে যাওয়া মাশরাফির শিকারসংখ্যা পাঁচও হতে পারতো। কিন্তু সেঞ্চুরি দিয়ে প্রায় সাত বছর পর কিউই দলে ফেরা উদযাপন করা ম্যাথূ বেলের বিপক্ষে তার জোরালো এলবিডব্লুর আবেদনে সাড়া দেননি আম্পায়ার পিটার পার্কার। বেল তখন দাঁড়িয়ে ছিলেন ৯৭ রানে। পাঁচ উইকেট না পেলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্টই মনে হলো বাংলাদেশ দলের সহ-অধিনায়ককে, "গত তিন টেস্টে আমি উইকেট পাচ্ছিলাম না। আজকের পারফরম্যান্সে তাই স্বস্তি অনুভব করছি। আত্মবিশ্বাসটাও ফিরে এসেছে।"
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালের উইকেট তাকে বিস্মিতও করেছে বলে জানালেন মাশরাফি, "এখানকার উইকেট ভারতীয় উপমহাদেশের মতোই। যা দেখে অবাকই হয়েছি আমি। ২০০১-০২ এর নিউজিল্যান্ড সফরে এসেও তো এমন উইকেট দেখিনি।"
টাইগারক্রিকেট ডটকম-এর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১১০ঘ.
bdnews24