ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ইস্পাহানী জাতীয় ক্রিকেট লিগের শিরোপা নির্ধারনী দশম ও শেষ রাউন্ডের প্রথম দিনেই খুলনাকে পেছনে ফেলেছে রাজশাহী। ম্যাচটা এই দু'দলের মধ্যে না হলেও শিরোপা লড়াইয়ের হিসেবে তারাই তো আসল প্রতিপক্ষ।
বরিশালের বিপক্ষে ৯৬ পয়েন্ট নিয়ে খেলতে নেমে খুলনা ১৯৩ রানেই অলআউট হয়ে গেছে। শুক্রবার নিজেদের মাঠে যখন খুলনার বেহাল অবস্থা তখন ঢাকায় আধিপত্য করেছে শিরোপা প্রত্যাশী রাজশাহী (৯৫ পয়েন্ট), ৭ উইকেটে ২৬৪ রান করে তারা দিন শেষ করেছে। সিলেট-চট্টগ্রামের শিরোপা লড়াইয়ের প্রভাবহীন ম্যাচটিতে কোনো ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরিতে সিলেট ৮ উইকেটে ৩৪৮ রান করেছে প্রথম দিনে।
খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বরিশালের তালহা জুবায়েরের দুর্দান্ত বেলিংয়ে মাত্র ১৯৩ রানে শেষ হয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। মানে ২০০ রান করলে যে বোনাস পয়েন্ট পাওয়ার সুযোগ ছিল তা থেকেও বঞ্চিত হয়েছে খুলনা। টস জিতে তাদের ব্যাটিং করার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করেছেন জাতীয় দল থেকে বাদ পড়া বরিশালের ওই পেসার, ৪৮ রানে ৫ উইকেট নিয়ে। ধ্বংসযজ্ঞে তার সহযোগী হয়েছেন আবুল বাশার (২/৪৭), আরাফাত (১/৩৫) ও মনির (১/৩৬)। খুলনার অধিনায়ক নাহিদুল হকের অবদান সর্বোচ্চ ৫৮ রান, এছাড়া জিয়াউর রহমান ও ফরিদ আহমেদ করেছেন ৩৮ রান করে। জবাবে বরিশাল ৩ উইকেট হারিয়ে ৬২ রান তুলে দিন শেষ করেছে।
খুলনার দুরাবস্থার দিনে শিরোপা প্রত্যাশী রাজশাহী ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে দারুন ব্যাটিং করে নিজেদের শক্ত অবস্থানে নিয়ে গেছে। শুরুতে অবশ্য ঢাকার মোহাম্মদ শরীফের বিধ্বংসী বোলিংয়ে ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়েছিল রাজশাহী। কিন্তু পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে অধিনায়ক খালেদ মাসুদের (৫২) দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপদমুক্ত হয় তারা। দলকে ১৪৯ রানে নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক আউট হয়ে গেলেও নির্ভরতার প্রতীক হয়ে ব্যাটিং করে গেছেন নাঈম (১৮৮ বলে ৮২*) ও শাহাজাদা (১০২ বলে ৫৭*)। অসমাপ্ত অষ্টম উইকেটে তারা ১১৫ রান যোগ করে রাজশাহীকে ৭ উইকেটে ২৬৪ রানের চমৎকার এক ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিন শেষ করেছেন। ঢাকার পেসার মোহাম্মদ শরীফ ৫৩ রানে নিয়েছেন ৪ উইকেট।
নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে সিলেট দুর্দান্ত ব্যাটিং করছে। ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরিতে তারা দিন শেষ করেছে ৮ উইকেটে ৩৪৮ রান নিয়ে। এই ওপেনারের ১৪৪ বলে ১৩০ রানের ঝড়ো ইনিংসে আছে ১৭টি বাউন্ডারি। দলের অন্যদের ব্যাট সেভাবে হাসেনি; অলক কাপালি (৩০), গোলাম মাবুদ (৩৬) ও ইজাজ আহমেদরা (৩৭) কেউ ফিফটিও পূরণ করতে পারেননি। চট্টগ্রামের ইউনুস ৮১ রানে ৪ উইকেট নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫০ঘ.
bdnews24