২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার রেকর্ড ছোঁয়ার টেস্টেই সিরিজে ফিরতে মরিয়া ভারত

গত কয়েক বছর ধরেই সিডনি টেস্টের নাম শুনলেই মন খারাপ হতো ক্রিকেট প্রেমীদের। সিডনি মানেই 'মরা টেস্ট'। সিরিজের শেষ টেস্ট, যেখানে পরাক্রম অস্ট্রেলিয়া চুনকামের শেষ ছোপটা মাখিয়ে দিত প্রতিপক্ষর মুখে। গত বছর ইংল্যান্ড এবং তার আগে পর্যায়ক্রমে পাকিস্তান ('০৫), জিম্বাবুয়ে ('০৩), ওয়েস্ট ইন্ডিজ ('০১) ও ভারত (২০০০) হোয়াইটওয়াশ হয়েছে এখানে। এ বছর ব্যতিক্রম। কারণ ভারত এখানে শেষ নয়, সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে। মেলবোর্নে ৩৩৭ রানের লজ্জাজনক হার থেকে ঘুরে দাঁড়াতে সিডনি এখন তাদের কুরুক্ষেত্র। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য উদ্দীপনাটা অন্যখানে। স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়ার টানা ১৬ টেস্ট জয়ের রেকর্ড ছুঁতে মরিয়া রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। এক কাতারে আসতে লড়াইয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই নেই তাদের। বুধবার থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্ট তাই বড্ড 'জীবন্ত'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 01:07 PM

সিডনি, ১ জানুয়ারি (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত কয়েক বছর ধরেই সিডনি টেস্টের নাম শুনলেই মন খারাপ হতো ক্রিকেট প্রেমীদের। সিডনি মানেই 'মরা টেস্ট'। সিরিজের শেষ টেস্ট, যেখানে পরাক্রম অস্ট্রেলিয়া চুনকামের শেষ ছোপটা মাখিয়ে দিত প্রতিপক্ষর মুখে। গত বছর ইংল্যান্ড এবং তার আগে পর্যায়ক্রমে পাকিস্তান ('০৫), জিম্বাবুয়ে ('০৩), ওয়েস্ট ইন্ডিজ ('০১) ও ভারত (২০০০) হোয়াইটওয়াশ হয়েছে এখানে। এ বছর ব্যতিক্রম। কারণ ভারত এখানে শেষ নয়, সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে। মেলবোর্নে ৩৩৭ রানের লজ্জাজনক হার থেকে ঘুরে দাঁড়াতে সিডনি এখন তাদের কুরুক্ষেত্র। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য উদ্দীপনাটা অন্যখানে। স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়ার টানা ১৬ টেস্ট জয়ের রেকর্ড ছুঁতে মরিয়া রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। এক কাতারে আসতে লড়াইয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই নেই তাদের। বুধবার থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্ট তাই বড্ড 'জীবন্ত'। সিডনিতে গত ১০ টেস্টের আটটিই জিতেছে অস্ট্রেলিয়া। পরিসংখ্যান দেখে অস্ট্রেলিয়ার চেয়ে ভারতের আশা কমবে না একটুও। সিডনিতে আটটি টেস্ট খেলেছে তারা, যার মধ্যে চারটি ড্র এবং একটিতে জয়। সবচেয়ে জ্বলজ্বলে স্মৃতিটা তিন বছর আগের। শচীন টেন্ডুলকারের অপরাজিত ২৪১ এবং ভিভিএস লক্ষ্মণের দুর্দান্ত ১৭৮ রানে ভর করে ৭০৫ রানের পাহাড় গড়েছিল ভারত। কিন্তু কাগজে-কলমে দারুণ ব্যাটিং লাইন-আপ যেভাবে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছে মেলবোর্নে, তাতে অনিল কুম্বলের বিনিদ্র রাত কাটলে অবাক হওয়ার কিছুই নেই। ভারত অধিনায়ক অবশ্য বলেছেন ব্যাটসম্যানদের সমস্যাটা ধরতে পেরেছেন তিনি। এই ভেঙ্গে পড়া আসলে প্রত্যাশার চাপেই ঘটেছে। তাই সবাইকে উপদেশ দিয়েছেন মনটাকে বিশ্রাম দিতে। তার ভাষায়, "বেশি বেশি অনুশীলন করলেই খুব ভালো খেলোয়াড় হয়ে যায় না কেউ। এই পর্যায়ে এসে মনোভাবটাই মূল বিষয়। লড়াকু মনোভাবই আসল কিন্তু তার অভাব গত ম্যাচে প্রকট ছিল আমাদের মাঝে। যদি মন ইতিবাচক থাকে তাহলে রানিং বিটউইন দ্য উইকেট এবং ফিল্ডিংও ভালো হবে। আগামী ম্যাচে আমরা সেটাই চাইছি।" রিকি পন্টিং ভুলে গেছেন এ মাঠে ভারতের ৭০৫। অস্ট্রেলিয়ান অধিনায়কের কাছে এটা একটা নতুন ম্যাচ। দলে যে একটা চাপা উত্তেজনা বইছে তা স্বীকার করেছেন পন্টিং। উত্তেজনাটা নিজেদের রেকর্ড ছোঁয়ার। তবে এই মাইলস্টোনে সতীর্থরা অতি উদ্বেল যাতে না হয় তা নিয়ে সতর্ক তিনি। আবার মঙ্গলবার দলের বৈঠকে এটাকেই উজ্জয়নী মন্ত্র হিসেবে জপেছেন বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনে। পন্টিং বলেছেন, "দলের উত্তেজনায় বাগড়া দিতে মন চায়নি বলে সকালে টিম মিটিংয়ে এ নিয়ে কথা বলেছি। আমি চাই ওরা ব্যাপারটা ধারণ করুক। আর তারপর সেটা হজম করে ভালো প্রস্তুতি নিয়ে দারুণ খেলা খেলুক। যদি ম্যাচটা জিতি তখন অবশ্য উত্তেজনাটা অন্যরকম হবে।" অস্ট্রেলিয়ার রেকর্ড ঠেকানোর চাইতে ভারতের জন্য মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে সিডনিতে হার ঠেকানো। সে কারণে ব্যাটিং অর্ডারে বড় একটা ওলটপালটের গুঞ্জন শোনা যাচ্ছে। কুম্বলে বুধবার সকালের আগে দল ঘোষণার কথা এড়িয়ে গেলেন। তবে ওপেনিংয়ে বীরেন্দর শেবাগ ফিরছেন বলে জোরেশোরেই রটেছে। দীর্ঘ এক বছর পর তার টেস্ট দলে ফেরার জন্য জায়গা করে দিচ্ছেন যুবরাজ সিং। আর রাহুল দ্রাবিড় ফিরে যাচ্ছেন তার প্রিয় ওয়ান ডাউনে। অস্ট্রেলিয়া দলে এমন কোনো সমস্যা নেই। পুরো দলটাই ধরে রাখছে তারা। সে দলে একজনই একটু বিব্রত অবস্থায় আছেন- স্বয়ং অধিনায়ক পন্টিং। মেলবোর্নে ব্যাট হাসেনি তার। দুই ইনিংসে সাকুল্যে করেছেন ৭ রান (৩ ও ৪)। এর মধ্যে সাংবাদিকরা তাকে চটিয়ে দিয়েছেন হরভজন সিংয়ের কথা উঠিয়ে। ভারতীয় এই অফ স্পিনারের বিপক্ষে ৭ ম্যাচে ৬ বার আউট হয়েছেন পন্টিং। মেলবোর্নে হরভজনের প্রথম বলেই। কিন্তু রেকর্ড ছোঁয়ার টেস্টে সামনে থেকে নেতৃত্বের প্রত্যয় পন্টিংয়ের গলায়। হরভজনের জুজু ঝটকায় উড়িয়ে বলেছেন, "সিডনিতে আমার পাঁচটি সেঞ্চুরি আছে। নেটে আমি ভালোই ব্যাট করছি, অপেক্ষা শুধু ম্যাচে কিছু রান পাওয়ার। সিডনিতে আমার সুখস্মৃতির কমতি নেই, আশা করছি এ ম্যাচেও তার ব্যতিক্রম হবে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৬১৫ঘ.