ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- কখনো ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল এত উন্মাদনা ছড়ায়নি এই উপমহাদেশে। প্রথম টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আবেগ-উত্তেজনার সব পসরা সাজিয়ে বাংলাদেশী ক্রিকেটানুরাগীদের সামনেও হাজির। আর পাক-ভারত 'ক্রিকেট যুদ্ধ'-এর আঁচ গায়ে মেখে নেওয়ায় খানিকটা বিবর্ণ হয়ে গেলো নিজেদের দলের স্বদেশ প্রত্যাবর্তনটা। "আমরা লক্ষ্য পূরণ করেই ফিরছি"--বাংলাদেশ দলের অধিনায়কের অমন গর্বিত কন্ঠ শোনার জন্য রোববার রাতে জনাকীর্ণ হয়নি জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দর। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ শেষ করে ফেরা দলের সঙ্গে অবশ্য ছিলেন না কোচ শন উইলিয়ামস। কোচ কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন, আর তাই ফেরার পথে দুবাইতে রয়ে গেছেন তিনি।
বিমানবন্দরে বাংলাদেশ দলকে ঘিরে উন্মাদনা না হওয়ার একটা কারণ খুব সম্ভবত পাক-ভারত ফাইনালজনিত উত্তেজনা। অথচ ক্রিকেটের এই নতুন সংস্করণে বাংলাদেশ আর্ভিভুত হয়েছে নতুন রূপে। কারো কারো চোখে টুয়েন্টি টুয়েন্টিতে তারা সবসময় বড় শক্তি, কেউ আখ্যা দিয়েছেন বিপজ্জনক শক্তি বলে। এই শক্তির প্রকাশ ঘটিয়ে দেশের মাটিতে পা রেখেই অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ঘোষণা, "সুপার এইটে খেলার লক্ষ্যপূরণ হয়েছে আমাদের। প্রত্যেকটা ম্যাচে আরেকটু ভাল খেললে আমরা আরো দু-একটা ম্যাচ জিততে পারতাম। তারপরও সব মিলিয়ে এই টুর্নামেন্টে আমরা ভাল করেছি।"
গ্র"পে ওয়েস্টইন্ডিজকে হারিয়ে সুপার এইটে নিশ্চিত করেছে। সুপার এইটে গিয়ে বাংলাদেশ দল আর নিজেদের ক্ষমতাকে ঠিকমতো মেলে ধরতে না পারলেও কিন্তু একেবারে বিবর্ণ নয়। এক-আধটু ভুলের জন্যই জয় পাওয়া হয়নি বলে আশরাফুলের আক্ষেপ, "দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে ২০/৩০ টা রান কম হয়ে গেছে। আসলে আমরা ভুলটা একটু বেশি করেছি।" টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের এমন এক সংস্করণ যেখানে একবার ভুল করলে আর রক্ষা নেই। তার মাশুল গুনতেই হবে। তাই হয়েছে, এজন্য ব্যাটসম্যানদের ঘাড়েই তিনি দোষ চাপিয়েছেন, "আমার মনে হয় ব্যাটসম্যানরা আরেকটু দায়িত্ব নিয়ে খেললেই আমরা সেমিফাইনালে যেতে পারতাম। সত্যি আমাদের সেমিফাইনাল খেলার সুযোগ ছিল।"
আশরাফুলের ঝড়ো ব্যাটিং আর সঙ্গে আফতাবের সুযোগ্য সঙ্গ ওয়েস্টইন্ডিজের বিপক্ষে স্মরণীয় জয় এনে দিয়েছিল বাংলাদেশকে। কিন্তু পরের ম্যাচগুলোতে আর তার ধারাবাহিকতা দেখা যায়নি। টুর্নামেন্টের আগে আশা জাগানো দুই ওপেনার তামিম-নাজিমউদ্দিনের টানা ব্যর্থতাও অনেকাংশে বাংলাদেশের স্বপ্নকে রঙীন হতে দেয়নি। কিন্তু বোলাররা ? তাদের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক, "পুরো টুর্নামেন্টে চমৎকার খেলেছে আমাদের বোলাররা। সৈয়দ রাসেল অসাধারণ বোলিং করেছে প্রত্যেক ম্যাচে। সাকিব-রাজ্জাকের ধারাবাহিকতাও ভাল।" সেই সুবাদে বাংলাদেশ টুয়েন্টি টুয়েন্টিতে বাংলাদেশ অন্যরকম। ব্যাটসম্যানদের ব্যাটে রান থাকলে কী হতো ? সেমিফাইনালের স্বপ্নটা সত্যি হয়ে যেতো !
নিশ্চিতভাবেই ব্যাটসম্যানদের ব্যর্থতা বড় একটা কারণ। তার মধ্যে সবচেয়ে অবিশ্বাস্য নাজিমউদ্দিনের রূপান্তর। কেনিয়ায় যার ব্যাট রানের বন্যা সেই তিনি টুর্নামেন্ট শুরু হতেই ভুলে গেলেন ব্যাটিং! অথচ তার কাছে খুব আশা করেছিলেন আশরাফুল "শেষ ম্যাচে তার জায়গায় আমরা জুুনায়েদকে খেলিয়েছি। আসলে কেনিয়া ও দক্ষিণ আফ্রিকায় প্র্যাকটিস ম্যাচে নাজিমউদ্দিন এত ভাল ব্যাটিং করেছিল যে ওর ওপর আমার অনেক বেশি বিশ্বাস ছিল।" সেই বিশ্বাসের মর্যাদা দিতে পারেননি এই ওপেনার। দিতে পারেননি মাশরাফি মর্তুজাও, শুনুন মাশরাফির মুখেই, "আমার নিজের লক্ষ্য অর্জিত হয়নি। মোটেও ভাল ব্যাটিং করতে পারিনি।"
নিজের পারফরম্যান্স নিজে কাটাছেঁড়া করেছেন মাশরাফি। বাকিদেরটা আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন আশরাফুল। যার মানে ব্যাটিং আরেকটু ভাল হলে টুয়েন্টি টুয়েন্টির বাংলাদেশের পারফরম্যান্স হতো আরও অনেক রঙ্গীন। জনাকীর্ণ থাকত বিমাবন্দর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৫৫ঘ.
bdnews24