ঢাকা, ২৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- 'হতাশার মাঝে আশার আলো দেখা' বলতে যা বোঝায়, পাকিস্তান বোধহয় সেটাই দেখতে পাচ্ছে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে তাদের দলটা দেখে। ২০০৭ সালটা মোটেও আশানুরূপ নয় তাদের জন্য। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার পর নানা ঘটনায় তারা তছনছই হয়ে গিয়েছিল প্রায়। বেশ কিছু সিনিয়র ক্রিকেটারও দল থেকে বাদ পড়ে গেছেন। শোয়েব মালিকের নেতৃত্বাধীন দলটা প্রথম টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠায় এই বছরটাকে পাকিস্তানের জন্য শুধুই হতাশার বলা যাচ্ছে না। বরং এখান থেকেই শোয়েব মালিকরা দেখাচ্ছেন নতুন আশার দিগন্ত। দিগভ্রান্ত এই দলটার পথে ফেরা ক্রিকেটের জন্যও খুব দরকার।
সোমবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান - শোয়েব মালিকের দলের অনেক কিছুই আসলে আমার এই আগাম ভাবনাকে উসকে দিচ্ছে। সময়মতো জ্বলে উঠে ফাইনালে পৌছানোর পথে ওরা যেমন খেলেছে তাতে এই দলটার টিম স্পিরিট তুঙ্গে আছে বলেই মনে হচ্ছে। তাছাড়া শোয়েব মালিকের সঙ্গে খেলার সৌভাগ্য আমার হয়েছে। কাছ থেকে দেখার অভিজ্ঞতায় বলছি, ছেলেটা ভীষণ ইতিবাচক। দলের পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে তা দলের মাঝে ছড়িয়েও দিতে পেরেছে খুব। অধারাবাহিক বলে কুখ্যাতি আছে পাকিস্তানের। কিন্তু এই টুর্নামেন্টে এর ব্যতিক্রমও দেখলাম। সবমিলিয়ে যে ফর্মে তারা আছে, সেটা ধরে রাখতে পারলে শোয়েব মালিকের হাতে ট্রফি দেখবো বলেই আশা করছি।
পাকিস্তানের বড়ো গুণ, তারা ভেঙ্গে পড়ে না সহজে। তাদের আছে একঝাঁক লড়াকু ক্রিকেটার। আর চাপের মুখে ভালো খেলার ব্যাপারটাতেও তারা ভারতের চেয়ে অনেক এগিয়ে। ব্যাটিংয়ে হয়তো তাদের যুবরাজ কিংবা ধোনির মতো কেউ নেই। কিন্তু যারা আছে তারা সবাই-ই অবদান রেখে চলেছে কিছু না কিছু। যেমন ধরুন টপ অর্ডারে ইমরান নাজির ও মোহাম্মদ হাফিজরা খারাপ করছে না। আবার মিডল অর্ডারে অধিনায়ক শোয়েব ও মিসবাহ-উল হক নিয়মিত রান করছে। ফাইনালে এদের সঙ্গে এখনো পর্যন্ত সেভাবে ঝলসে উঠতে না পারা শহীদ আফ্রিদির ব্যাটে-বলে হতে শুরু করলে পাকিস্তানকে আটকানো কঠিন। কামরান আকমলের মতো ব্যাটসম্যান আট নাম্বারে নামে, তার মানে ওদের ব্যাটিংয়ের গভীরতাও বেশি।
বোলিংয়েও দলের সবারই কমবেশী অবদান রাখার ব্যাপারটাও লক্ষ্য করেছি। মোহাম্মদ আসিফ তো ভালো করছেই। তার সঙ্গে বিচিত্র অ্যাকশনের সোহেল তানভীরও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভুগিয়ে আসছে। গত ফেব্র"য়ারিতে পাকিস্তান একাডেমী দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিল ও। তখনই বুঝেছি, ওর বল রিড করা কতোটা কঠিন। সেমিফাইনালে স্লগ ওভারে দুর্দান্ত বোলিং করেছে উমর গুল। এই তিন পেসারের শুরু আর শেষের মাঝে দারুণ সমন্বয় করছেন স্পিনাররা, আফ্রিদি ও হাফিজরা। এবার বল হাতেই বেশি ভালো করছেন আফ্রিদি। সবমিলিয়ে বৈচিত্র্যময় বোলিংয়ের সঙ্গে তরুণদের দল বলে এবার পাকিস্তানের ফিল্ডিংটাও হচ্ছে দুর্দান্ত। ভয় কেবল একটা জায়গাতেই। পাকিস্তান খুব 'আনপ্রেডিক্টেবল' দল। ভালো খেলতে খেলতে ওরা এমন খারাপ করে বসে যেটা কেউ আশাই করে না। না হলে পাকিস্তানের চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণই দেখছি না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩০ঘ.
bdnews24