ঢাকা, ২০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মালয়েশিয়ায় অুনষ্ঠিত এসিসি মহিলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য ৫০ হাজার টাকার অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছিল আগেই। বৃহষ্পতিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের হাতে চেকগুলো তুলে দিল। এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতির দেখা হয়েছিল সিলেটে, মোহাম্মদ আশরাফুলরা কমান্ডো ট্রেনিংয়ে থাকার সময়। এদিন চেক প্রদান অনুষ্ঠানে বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালীর সঙ্গে মহিলা জাতীয় দলের ক্রিকেটারদেরও দেখা হয়ে গেল। প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে এসে প্রথমবারের মতো মিডিয়ারও মুখোমুখি হলেন তিনি। অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় মিনিট খানেকের আলাপে বলে গেলেন, তার নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড কাজের মাধ্যমেই নিজেদের ক্ষমতার প্রমাণ দিতে চায়।
"আমরা সব কাজে স্বচ্ছতা রাখতে চাই। অচিরেই আপনারা দেখবেন, কাজের মাধ্যমেই আমরা প্রমাণ করতে চাই ক্রিকেট বোর্ড কী কাজ করতে পারে"- বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস)।
অবশ্য রাতারাতি উন্নতি সম্ভব নয়। এই বাস্তবতা যেমন মানেন, তেমনি কিছূদিন আগে বিলুপ্ত বিসিবির কার্যনির্বাহী কমিটির সদস্যরাও ক্রিকেটের উন্নয়নে কাজ করে গেছেন বলেই মনে হয় তার। তার ভাষায়, "একদিনে কখনোই উন্নতি সম্ভব নয়। আমাদের পূর্বসূরীরাও অনেক কাজ করে গেছেন। এখন আমাদেরও কাজ করতে হবে।"
বিলুপ্ত কার্যনির্বাহী কমিটিই এদেশে মহিলা ক্রিকেট চালুর উদ্যোগ নিয়েছিল। সেজন্য আলাদা মহিলা ক্রিকেট উইং-ও গঠিত হয়েছিল। তাদের শুরু করে দিয়ে যাওয়া কাজের ধারাবাহিকতাতেই এসেছে এসিসি মহিলা ক্রিকেট টুর্নামেন্টে চূড়ান্ত সাফল্য। বাংলাদেশে সাধারণত বিতাড়িতদের কথা খুব একটা স্মরণ করা হয় না। আশার কথা, মহিলা ক্রিকেটারদের চেক প্রদান অনুষ্ঠানে তা হয়েছে। "এই মুহুর্তে আমি কার্যকরী পরিষদের অবদানের কথা স্মরণ করতে চাই, যারা মহিলা ক্রিকেট চালু করে গিয়েছিল"- অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মহিলা উইং এর চেয়ারম্যান মনোয়ারা আনিস খান তার 'লম্বা' ধন্যবাদ জ্ঞাপন পর্বে একথা বলার সময় মাথা নেড়ে সায় দিচ্ছিলেন বোর্ড সভাপতিও। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপেও তিনি আগের বোর্ড কর্তাদের অবদানের কথা উল্লেখ করতে ভোলেননি।
বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে আঁটঘাট বেঁধে নামারও ঘোষণা দিলেন তিনি। এক্ষেত্রে 'কচিকাঁচা'দের দিকে বেশি নজর দেওয়ার পক্ষপাতী তিনি, "আমাদের বয়সভিত্তিক ও স্কুল ক্রিকেট আছে। এগুলো হচ্ছে আমাদের ক্রিকেটের ভিত। এই ভিত শক্ত করা গেলে ক্রিকেটের উন্নতি হবেই। সে লক্ষ্যে আমরা জোরদার কার্যক্রম গ্রহণ করবো। টাকা-পয়সার হয়তো অভাব হবে না। তবে আমাদের উদ্দেশ্য যদি সৎ থাকে এবং পরিকল্পনাটা ভালো হয়, তাহলে অবশ্যই উন্নতি হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১৫ঘ.
bdnews24