ঢাকা, ১৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মাত্র ১০ লাখ ২০ হাজার টাকায় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পনসর হতে পেরে বিস্মিত হয়েছিলেন খোদ এবি ব্যাংকের কর্মকর্তারাও। তবে ঘটা করে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠলে বোনাস মানি দেওয়ার প্রতিশ্র"তিও দিয়েছিলেন। বৃহষ্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে পৌছে যাওয়ার পরপরই তারা সেটা নিশ্চিতও করে দিয়েছেন বলে জানিয়েছেন বিসিবির কমার্শিয়াল কমিটির ভাইস চেয়ারম্যান সেলিম ভুইয়া।
"বাংলাদেশ জেতার পর থেকেই কয়েক দফা এবি ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয়েছে আমাদের। এসময়ই তারা নিশ্চিত করেছেন যে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য বাংলাদেশ দলকে বোনাস মানি দেবেন। অবশ্য অর্থের অঙ্কটা তারা এখনই জানাতে পারছেন না। এবি ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে রোববারের মধ্যেই তারা সেটা আমাদের জানিয়ে দিতে পারবেন। এটুকু বলতে পারি অর্থের অঙ্কটা ভালোই হবে।"
দু'পক্ষের মধ্যে কয়েক দফা আলাপের সময় বিসিবির পক্ষ থেকেও একটা অঙ্ক দাবি করা হয়েছে বলে জানা গেছে। এবং সেই দাবি মেনে নেওয়ার ব্যাপারে এবি ব্যাংকের সাড়াও নাকি মিলেছে অনেকটা। সেক্ষেত্রে বোনাস মানির অঙ্কটা ১০ লাখ ২০ হাজার টাকার চেয়েও বেশি হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২৩১০ঘ.
bdnews24