ঢাকা, ১২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচটা দেখতে পারবো না বলে খুব খারাপ লাগছে। আমি তখন থাকবো আকাশে। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। এর কিছুক্ষণ আগেই আমাকে ইস্টার্ন চায়না এয়ারলাইন্সের ফ্লাইটে উড়াল দিতে হবে চুংচিংয়ের উদ্দেশে। এটা চীনের শিচুয়ান প্রদেশের একটা শহর। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কান্ট্রি ডেভলপমেন্ট অফিসার (সিডিও) হিসেবে আমার প্রথম অ্যাসাইনমেন্ট ওখানেই। এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে টিভিতে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের খেলা ধরা যাবে বলেও মনে হয় না। তবে বিমানযাত্রার পুরো সময়টাতেই আমার মন কিন্তু পড়ে থাকবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। যেখানে আশরাফুলরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়বে।
এই লড়াইয়ে আমি আমার দেশকে কিছুটা হলেও এগিয়ে রাখতে চাই। মানসিক দিক থেকে অন্তত ওয়েস্ট ইন্ডিজ পিছিয়েই আছে। এরমধ্যেই ওরা একটা ম্যাচ হেরে বসে আছে। তাছাড়া আমাদের দলটা তারুণ্যনির্ভর। এদের রিফ্লেক্স ও ক্ষিপ্রতা থাকবে বেশি। ফিল্ডিং এবং রানিং বিটুইন দি উইকেটও ভালো হওয়া উচিত ছেলেদের বয়স কম বলেই। এদের সামনে যে ওয়েস্ট ইন্ডিজ দাঁড়াচ্ছে, উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের কিছু কিছু বিষয় আমার চোখে ধরা পড়েছে। যেমন ওরা এক্সট্রা বল করে অনেক। আর চাপে পড়লে ঠিক ঘুরে দাঁড়াতে পারে না। এই ম্যাচ জিতলেই যেহেতু দ্বিতীয় রাউন্ড নিশ্চিত, তাই এই সুযোগগুলো আসলে কাজে লাগানো উচিত বাংলাদেশের।
প্রস্তুতি ম্যাচগুলোতে সৈয়দ রাসেল ও আব্দুর রাজ্জাককে দিয়ে বোলিং ওপেন করানোর বিষয়টা ভীষণ মনে ধরেছে আমার। দলের দুই সেরা ইকোনমি বোলারকে দিয়ে শুরুতেই বল করানোটা এক কথায় দারুণ। শুরুতেই এদের দিয়ে রান আটকে দিতে পারলে প্রতিপক্ষ চাপে পড়ে যাবে নিশ্চিত। তবে কৌশলগত এই পরিকল্পনাগুলো আমার মনে হয় দল বুঝে করা উচিত। ধরুন ওয়েস্ট ইন্ডিজের কথাই। ওদের দুই ওপেনারই বাঁ হাতি। সুতরাং ওদের জন্য রাজ্জাকের বল হয়ে যাবে অফ স্পিন। তাই আমি বলবো ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে রাজ্জাককে শুরুতে না আনাই ভালো। তাছাড়া ক্রিস গেইল সেদিন যেমন খেলেছে, তাতে ওকে নিয়ে বাড়তি চিন্তার অবকাশ আছেই। ওর বিরুদ্ধে শুরুতে জোরে বোলার দিয়েই চেষ্টা করা ভালো। আমাদের দলে কোচিং স্টাফদের সঙ্গে কম্পিউটার অ্যানালিস্টও আছেন। তারা নিশ্চয়ই ইতিমধ্যে একটা জিনিস ধরতে পেরেছেন। সেটা হচ্ছে অফ স্টাম্পের বাইরের শর্ট বলে কিছুটা দুর্বলতা আছে গেইলের। এই সব বল ও খুব একটা ভালো মারতে পারে না। গেইলকে দ্রুত ফেরাতে হলে এ বিষয়টা আমাদের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় থাকা উচিত।
এই ম্যাচ জিততে হলে অবশ্য আমাদের ব্যাটিংটা বরাবরের মতো অধারাবাহিক থাকবে চলবে না। কেনিয়ার কাছে হার ছাড়া প্রস্তুতি ম্যাচগুলো ভালোই কেটেছে বাংলাদেশের। সাদা চোখে দেখলে তাই মনে হবে। কিন্তু ওই ম্যাচগুলোতেও ব্যাটিংয়ে একা নাজিমউদ্দিনই যা করার করেছে। অন্যদের কাছ থেকে সেরকম কোনো ইনিংস আসেনি। আশা করবো, প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে অন্তত দুইজন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বলার মতো রান করবে। আর পরের দিকের ব্যাটসম্যানদের মধ্যে আরো দুজন। এভাবে হলেই কিন্তু অনেক রান হয়ে যায়। জানি বিষয়টা খুব সরল নয়। আবার জটিলও তো নয়। তা যে নয়, সেটা আমার বাংলাদেশ তো আগেও করে দেখিয়েছে।
চায়নাতে নেমে তাই আমি প্রথম এই খবরটাই শুনতে চাইবো, "বাংলাদেশ আর থ্রু"।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.
bdnews24