২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার কাছে হেরে প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ

ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেননি। তবু হারা ম্যাচ জেতার জোর সম্ভাবনা তৈরি করেছিলেন বোলাররা। মাত্র ১১৬ রানের পুঁজি নিয়ে তাদের লড়াইটা অবশ্য শেষপর্যন্ত সফল হয়নি। ১৬ দশমিক ৩ ওভারে অলআউট হওয়ার পর ভাগ্যে যা লেখা হওয়ার কথা তাই হয়েছে। বেনোনির উইলোমোর পার্কে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে কেনিয়ার কাছে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। তবে ১ বল বাকি থাকতে কেনিয়ার জয়ের লক্ষ্যে পৌছার তথ্যই বলে দেয়, ম্যাচটায় বাংলাদেশ জিতেও যেতে পারতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

বেনোনি, ৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা করতে পারেননি। তবু হারা ম্যাচ জেতার জোর সম্ভাবনা তৈরি করেছিলেন বোলাররা। মাত্র ১১৬ রানের পুঁজি নিয়ে তাদের লড়াইটা অবশ্য শেষপর্যন্ত সফল হয়নি। ১৬ দশমিক ৩ ওভারে অলআউট হওয়ার পর ভাগ্যে যা লেখা হওয়ার কথা তাই হয়েছে। বেনোনির উইলোমোর পার্কে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে কেনিয়ার কাছে ৬ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। তবে ১ বল বাকি থাকতে কেনিয়ার জয়ের লক্ষ্যে পৌছার তথ্যই বলে দেয়, ম্যাচটায় বাংলাদেশ জিতেও যেতে পারতো। যদিও এক পর্যায়ে কেনিয়ার জয়কে কেবল সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। সেটা অধিনায়ক স্টিভ টিকোলোর (৩৬) সঙ্গে তন্ময় মিশ্রের (১৬) ৫০ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙ্গার পরও। ফরহাদ রেজার বলে তন্ময় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার পর শেষ ৪ ওভারে ৭ উইকেট হাতে রেখে ২৩ রানের সমীকরণ মেলানো ২০ ওভারের ক্রিকেটের জন্য কঠিন নয় মোটেও। কিন্তু টিকোলো অধিনায়ক আশরাফুলের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার পরেই ম্যাচ বাংলাদেশের দিকেও হেলে পড়ে কিছুটা। ৩ ওভারে ২০ থেকে শেষ ২ ওভারে ১৫ রানের প্রয়োজন দাঁড়ায় কেনিয়ার। তবে মাশরাফি বিন মর্তুজার করা ইনিংসের ১৯-তম ওভারে টমাস ওদোয়ো (১৩*) এবং ওবান্দা (৯) মিলে ১০ রান তুলে নেওয়াতেই আবার হারা ম্যাচে জেতার সম্ভাবনা বিলীন হয়ে যায়। সাকিব আল হাসানের করা শেষ ওভারে ৫ রানের প্রয়োজন মেটাতে তবু পাঁচটি বল লেগেছে কেনিয়ার। শেষ ৩ দশমিক ৫ ওভারে কেনিয়ান ইনিংসের একমাত্র বাউন্ডারিটি মেরেছেন ওদোয়ো, মাশরাফিকে। কেনিয়ায় চার জাতির টুর্নামেন্ট থেকেই টুয়েন্টি টুয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিংয়ের 'ওয়ানম্যান শো' চলে আসছে। এম্যাচেও তা অব্যাহত। তবে এবার নাজিমউদ্দিন নন, তার ওপেনিং পার্টনার তামিম ইকবাল। নাজিম ৫ রান করে আউট হয়ে গেলেও তামিম এদিন ৮ বাউন্ডারি ও এক ছক্কায় ৪১ বলে খেলেছেন ৫৬ রানের ঝড়ো ইনিংস। এছাড়া বাংলাদেশের ইনিংসে দুই অঙ্কের সংগ্রহ মাত্র দু'জনের - আফতাব আহমেদ (১৭) ও রাজ্জাকের ইনজুরিতে এম্যাচে খেলতে নামা নাদীফ চৌধুরীর (১২)। হারের কারণেই ব্যাটিংয়ের দৈন্যদশাটা এবার ফুটে উঠছে বেশি! সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ : ১৬ দশমিক ৩ ওভারে ১১৬/১০ (তামিম ৫৬, নাজিমউদ্দিন ৫, আফতাব ১৭, আশরাফুল ১, সাকিব ২, অলক ৩, নাদীফ ১২, মুশফিক ২, মাশরাফি ৫, ফরহাদ অপরাজিত ৩, রাসেল ৪, অতিরিক্ত ৬, ওদোয়ো ২/২১, ওনগোন্ডো ০/১৩, ওধিয়াম্বো ৩/৩৭, ওনিয়াঙ্গো ২/১৯, ভূদিয়া ২/২৪) কেনিয়া : ১৯ দশমিক ৫ ওভারে ১১৭/৪ (ডেভিড ২১, কলিন্স ১৬, তন্ময় ১৬, টিকোলো ৩৬, ওদোয়ো অপরাজিত ১৩, ওবান্দা অপরাজিত ৯, অতিরিক্ত ৬, মাশরাফি ০/৩১, রাসেল ১/২২, ফরহাদ ১/১৯, আশরাফুল ২/১৯, সাকিব ০/২৫) ফল : কেনিয়া ৬ উইকেটে জয়ী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭৫০ঘ.