২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগ

২৭ কিংবা ২৮ সেপ্টেম্বর থেকে জাতীয় ক্রিকেট লিগ শুরুর পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির। কিন্তু ওই সময়ের মধ্যে মাঠ পুরোপুরি প্রস্তুত করে দেওয়া যাবে না বলে গ্রাউন্ডস কমিটি জানিয়ে দেওয়ায় দেশের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ পিছিয়ে গেছে কয়েকটা দিন। ১ অক্টোবর থেকে জাতীয় লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সেলিম ভুইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, ৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ২৭ কিংবা ২৮ সেপ্টেম্বর থেকে জাতীয় ক্রিকেট লিগ শুরুর পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির। কিন্তু ওই সময়ের মধ্যে মাঠ পুরোপুরি প্রস্তুত করে দেওয়া যাবে না বলে গ্রাউন্ডস কমিটি জানিয়ে দেওয়ায় দেশের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ পিছিয়ে গেছে কয়েকটা দিন। ১ অক্টোবর থেকে জাতীয় লিগ শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সেলিম ভুইয়া। যদিও আগের কমিটির করে যাওয়া ক্রিকেট ক্যালেন্ডারে ১ অক্টোবর থেকে কর্পোরেট ক্রিকেট লিগ দিয়ে মৌসুম শুরুর কথা ছিল। কিন্তু বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটি জাতীয় লিগ দিয়েই মৌসুম শুরুর সিদ্ধান্ত নেয় ডিসেম্বরে জাতীয় দলের নিউজিল্যান্ডে পুর্নাঙ্গ সিরিজ আছে বলে। গত কিছু দিনে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থতা এমনিতেই ভাবিয়ে তুলেছে সবাইকে। নিউজিল্যান্ডে যাওয়ার আগে পর্যাপ্ত বড় পরিসরের ম্যাচ খেলে যাওয়ার প্রস্তুতির জন্যই এবার জাতীয় লিগ আগে। "আমরা চেয়েছিলাম সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই জাতীয় লিগ শুরু করে দিতে। কিন্তু গ্রাউন্ডস কমিটির কাছ থেকে ওই সময়ে শুরু করার ব্যাপারে সায় পাইনি। বন্যা-টন্যার কারণে তারা মাঠ প্রস্তুতির জন্য আরো কিছুটা সময় চায়। এ কারণে কয়েকটা দিন পিছিয়ে অক্টোবরের প্রথম দিন থেকেই জাতীয় লিগ শুরু করতে যাচ্ছি আমরা"- বলেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সেলিম ভুইয়া। বরাবরের মতো বিভাগীয় দলগুলো একে অন্যের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। একেকটি চারদিনের ম্যাচের পর ওয়ানডে ম্যাচও খেলবে দলগুলো। প্রাথমিকভাবে ওয়ানডে টুর্নামেন্ট পরে আয়োজনের প্রস্তাবও উঠেছিল টুর্নামেন্ট কমিটির সভায়। কিন্তু সেটা গৃহীত হয়নি বলেই জানিয়েছেন এই কমিটির প্রধান, "আমরা তো নিউজিল্যান্ডে শুধুই টেস্ট খেলতে যাচ্ছি না। ওয়ানডের জন্যও প্রস্তুতির দরকার আছে। কাজেই জাতীয় লিগে চারদিনের ম্যাচ আর ওয়ানডে এক সঙ্গেই হবে।" প্রস্তাব উঠেছিল জাতীয় লিগের সঙ্গে টুয়েন্টি টুয়েন্টিও প্রবর্তনের। সেটা খারিজ হয়ে না গেলেও ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের সঙ্গেও জুড়ে যাচ্ছে না। এ প্রসঙ্গে সেলিম ভুইয়ার বক্তব্য, "টুয়েন্টি টুয়েন্টিতে শুধু ছয়টি বিভাগীয় দলকেই খেলানোর কথা ভাবছি না আমরা। এদের সঙ্গে আরো কয়েকটা দল যেমন সম্মিলিত বিশ্ববিদ্যালয় একাদশ, ঢাকা মেট্রোপলিটন জাতীয় দল যোগ করে আয়োজনের চিন্তা আমাদের মাথায় আছে। তবে এই টুর্নামেন্টটা পরে সুবিধাজনক কোনো এক সময়ে হবে।" বিসিবির আগের কমিটি পরিকল্পনা করে গিয়েছিল, শুরুর এক মাস আগেই নির্বাচকরা প্রতিটা বিভাগীয় দল গড়ে দেবেন। এবং ক্রিকেটাররা নিজ নিজ বিভাগীয় শহরে ক্যাম্পে যোগ দেবেন। সময়াভাবে তাদের পক্ষে এই পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে দাবি করলেন সেলিম ভুইয়া। তবে এও বলতে ভুললেন না, "আমরা ইতিমধ্যেই বিভাগীয় কমিশনারদের সঙ্গে কথা বলেছি। ১১ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট কমিটির সদস্যরা বিভাগীয় শহরগুলোতে যাবেন পরিদর্শনে। আশা করছি সল্প পরিসরের হলেও ক্যাম্পের আয়োজন করা যাবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০০২ঘ.