ঢাকা, ৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হওয়ার লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ডেভ হটন। জিম্বাবুয়ে দলের সাবেক এই কোচ ব্যক্তিগত সমস্যার কারণে জানিয়ে দিয়েছেন অপারগতার কথা।
''ডেভ হটন জানিয়ে দিয়েছেন তার পক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হওয়া সম্ভব নয়। তার বাবার বয়স ৮৫ বছর, এই অবস্থায় বাবার পাশে থাকা তার জন্য জরুরী। কাজেই বাংলাদেশে আসা তার পক্ষে সম্ভব নয়''- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ নির্বাচন কমিটির প্রধান গাজী আশরাফ বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এভাবেই দিয়েছেন হটনের দৌড় থেকে সরে দাঁড়ানোর খবরটা।
আগের বোর্ড যে তিনজনের সংক্ষিপ্ত তালিকা করেছিল তাতে জিম্বাবুয়ের সাবেক এই কৃতী ব্যাটসম্যানের নামও ছিল। কারো কারো মতে তিনিই ছিলেন সবচেয়ে ফেভারিট। এবং কিছুদিনের মধ্যেই তার সাক্ষাৎকার দিতে ঢাকায় আসার কথা ছিল। সেসময়ই একটা আঘাত হয়ে এল তার এই সিদ্ধান্ত।
আগের বোর্ড তিনজনের যে তালিকা করেছিল তার বাকি দুজন হচ্ছেন দুই অস্ট্রেলিয়ান জন হার্মার এবং জেমি সিডন্স। হার্মার ইতিমধ্যে সাক্ষাৎকারও দিয়ে গেছেন, নিকট ভবিষ্যতেই আসার কথা সিডন্সেরও। নতুন বোর্ড আগের বোর্ডের তালিকা বাতিল না করলেও একইসঙ্গে তারা তালিকার বাইরে গিয়েও কোচের সন্ধান করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৫০ঘ.
bdnews24