ঢাকা, ২৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- গত কয়েকদিনে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছে। তবু বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলছেন, টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য তার দলের 'আসল প্রস্তুতি' পর্বটা নাকি এখনো হয়ইনি। যেটা হয়েছে সেটাকে 'আংশিক' প্রস্তুতিই বলার পক্ষে তিনি। কারণ ব্যাখ্যায় যাওয়ার আগে বলে রাখা ভালো, বুধবার সকালে কেনিয়ার উদ্দেশে রওনা হয়ে গেছে জাতীয় দল। সকাল সোয়া দশটায় ওড়ার কথা থাকলেও এমিরেটসের ফ্লাইট ছেড়েছে ৪৫ মিনিট বিলম্বে। দুবাই হয়ে এদিনই নাইরোবিতে পৌছানোর কথা তাদের। সেখানে স্বাগতিক কেনিয়া ছাড়াও পাকিস্তান ও উগান্ডার সঙ্গে একটি চার জাতির টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। বলা বাহুল্য এই টুর্নামেন্টকেই আসল প্রস্তুতির ক্ষেত্র ধরছেন অধিনায়ক।
১১ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ শুরুর আগে কেনিয়ার এই টুর্নামেন্টে খেলতে পারাকে নিজেদের সৌভাগ্যও ধরছেন আশরাফুল, "টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ এমনিতেও আমরা খুব বেশি খেলিনি। আর প্র্যাকটিস ম্যাচগুলো তো খেললাম নিজেদের মধ্যেই। শুধু এগুলো খেলেই সরাসরি বিশ্বকাপে খেলতে নামলে মানিয়ে নেওয়ার সমস্যা হয়তো হতো। অন্য দলগুলোর সঙ্গে খেলে প্রস্তুতি নেওয়ার যে ব্যাপার সেটা এখন কেনিয়ায় হবে। এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়াটা সৌভাগ্যেরই। এতে করে বিশ্বকাপের আগে আমাদের আসল প্রস্তুতিটা হয়ে যাবে।"
কেনিয়া থেকে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় যাবে ৬ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে প্রস্তুতি আরো ঝালিয়ে নেওয়ারও সুযোগ পাবেন আশরাফুলরা। জোহানেসবার্গে আইসিসির বন্দোবস্তে ৮ ও ৯ সেপ্টেম্বর দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে তাদের। প্রতিপক্ষ স্কটল্যান্ড এবং কেনিয়া। আর কেনিয়ার টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচও স্বাগতিকদের সঙ্গে, ১ সেপ্টেম্বর। ২ সেপ্টেম্বর ফেভারিট পাকিস্তানের মুখোমুখি হওয়ার পর শেষ ম্যাচ ৪ সেপ্টেম্বর উগান্ডার সঙ্গে। রাউন্ড রবীন লিগ পদ্ধতির টুর্নামেন্টে প্রতিটা দল একে অন্যের মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলই চ্যাম্পিয়ন হবে। এখানে শিরোপা পাকিস্তানই জিতবে বলে সাধারণ ধারণা। এই ধারণাও পাল্টে দেওয়ার ইচ্ছে আছে আশরাফুলের, "কেনিয়া ও উগান্ডাকে আমাদের হারানো উচিত। আমি আগেও বলেছি এটা অল্প সময়ের খেলা। এখানে ওই অল্প সময়টুকুতে ভালো খেলতে পারলেই সাফল্য ধরা দেবে। তো পাকিস্তানকেও তো আমরা হারাতে পারি। আর চ্যাম্পিয়ন যদি হয়েই যাই, তাহলে বিশ্বকাপটা দারুণ আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে পারবো আমরা।"
কেনিয়ার টুর্নামেন্টটা তাই বাংলাদেশের 'আসল প্রস্তুতি'র ক্ষেত্রই হয়ে থাকছে না শুধু। আত
bdnews24