ঢাকা, ২৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হেরে গেছে গ্রামীনফোন-বিসিবি ক্রিকেট একাডেমী। সোমবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাডেমী দলের বিপক্ষে ১০ রানের কষ্টসাধ্য জয় পেলেও মঙ্গলবার তারা হেরেছে বাজেভাবেই। পামারস্টোনে ইনস্টিটিউট চ্যালেঞ্জ কাপে এদিন নিউ সাউথ ওয়েলস তাদের হারিয়েছে ৮৩ রানের বড় ব্যবধানে।
ব্যাটিং ব্যর্থতাই এত বড় পরাজয়ের কারণ। বিসিবি একাডেমী দলের অধিনায়ক মেহরাব হোসেন জুনিয়র টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাট করতে পাঠান। ময়েসেসের ৮৩ বলে ৯০ ও ক্রেইগের ৫৩ বলে ৪২ রানের ইনিংসে নিউ সাউথ ওয়েলস নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে তোলে ২৪০ রান। জবাব দিতে নামা একাডেমী দল ৩২ দশমিক ৫ ওভারেই ১৫৭ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ৩১ রান এসেছে উইকেটকিপার ব্যাটসম্যান সগীর হোসেন পাভেলের ব্যাট থেকে। এছাড়া উল্লেখযোগ্য স্কোর ইমরুল কায়েস (২৮), সোহরাওয়ার্দী শুভ (২৬), নাঈম ইসলাম (২০) এবং জহিরুল ইসলাম অমির (১৭)। ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় পেসার নাজমুল হোসেনের মাত্র ২৬ রানে ৩ উইকেট নেওয়ার কৃতিত্বটা চাপা পড়ে গেছে। তবে আরেক পেসার রবীন ছিলেন ভীষণ ব্যয়বহুল। ২ উইকেট নিতে তিনি খরচ করেছেন ৬৩ রান।
ইনস্টিটিউট চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের পরের ম্যাচ কুইন্সল্যান্ড একাডেমীর সঙ্গে। ৩০ আগস্ট ম্যাচটা হবে কাহলিনে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯০০ঘ.
bdnews24