ঢাকা, ২৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- গত তিন বছর ধরে বিভিন্ন বিভাগে সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে আসছে আইসিসি। এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর জোহানেসবার্গে চতুর্থবারের মতো আইসিসি অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতে যাচ্ছে। মঙ্গলবার মুম্বাইয়ে পুরস্কারের জন্য প্রাথমিক মনোনয়ন তালিকাও প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তাতে প্রতিটা ক্যাটাগরিতেই একগাঁদা ক্রিকেটারের নাম। ব্যতিক্রম কেবল ৯ আগস্ট ২০০৬ থেকে ৮ আগস্ট ২০০৭ পর্যন্ত সময়ের মধ্যে সেরা ইমার্জিং (উদীয়মান) ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীতদের তালিকাটি। মাত্র সাতজনের সেই তালিকাতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সমান আধিপত্য। ওই তালিকায় এই তিনটি দেশেরই দুজন করে ক্রিকেটার। বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের সঙ্গে আছেন বিশ্বচ্যাম্পিয়নদের শন টেইট ও মিশেল জনসন এবং দুই ইংলিশ রবি বোপারা ও ক্রিস ট্রেমলেট। তালিকার সর্বশেষ সদস্য নিউজিল্যান্ডের রস টেলর।
যদিও সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারের জন্য বাংলাদেশের কারো মনোনীত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। আগের তিন বছরই একজন করে পেলেও এবারই প্রথম মনোনীতদের তালিকায় দুজনের নাম। একজনের নাম সাকিব নিজেই মনে করিয়ে দিলেন, "রানা ভাই (মাঞ্জারুল ইসলাম রানা) একবার পেয়েছিলেন।" ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামার ঠিক দুদিন আগে খুলনায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রানা। ত্রিনিদাদে সেই শোককে শুক্তিতে পরিণত করে ভারত বধ করেছিলেন সাকিবরা। মনোনয়ন পেয়েছিলেন আফতাব আহমেদ এবং শাহরিয়ার নাফীসও, কিন্তু শেষপর্যন্ত পুরস্কারটি পাননি কেউই।
এবার তার ব্যতিক্রম ঘটুক, এটাই চাইছেন বাংলাদেশ দলের উইকেটকিপার মুশফিকুর রহিম। তবে তার ধারণা এবার বাংলাদেশ পুরস্কারটা পেলে তা সাকিবই পাবেন, "প্রতিবারই আমাদের কেউ না কেউ প্রাথমিক তালিকায় থাকে। এবার আমরা দুজন আছি। পুরস্কারটা বাংলাদেশে আসলে ভীষণ ভালো লাগবে। তবে আমি নই, বাংলাদেশ থেকে পেলে সাকিবই পাবে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে আমার চেয়ে ওর সাফল্য অনেক বেশি। অ্যাভারেজও ভালো। তাছাড়া বিশ্বকাপে তো দুর্দান্ত পারফরম্যান্স ছিল ওর।"
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সাকিব বলছেন, "এই পর্যায়ে (মনোনয়ন পাওয়া) আসতে পারাটাও অনেক বড়ো ব্যাপার।" বাংলাদেশ থেকে কেউ পেলে তিনিই পাবেন, মুশফিক কথাটা বলেছেন শুনে হাসলেন। তবে সম্ভাবনায় নিজেকেও রাখতে পারছেন এজন্য, "যদি বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়, তাহলে বোধহয় আমারও এই পুরস্কারটা পাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮১০ঘ.
bdnews24