ঢাকা, ২৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- গত কয়েকদিনে বিশ্বকাপ প্রস্তুতির জন্য যে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচগুলো খেলেছে জাতীয় দল, তার মধ্যে সর্বোচ্চ ইনিংসটা রোববার খেললেন অলক কাপালি। কিন্তু এক বছর পর জাতীয় দলে ফেরা এই অলরাউন্ডারের ৬৪ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংসটা বিফলেই গেছে। তার ইনিংস সত্ত্বেও মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন সবুজ দলের ৬ উইকেটে ১৩৪ রান তাড়া করতে নামা মোহাম্মদ আশরাফুলের লাল দল হেরে গেছে ৯ রানে। আগেরদিনও দুটো ম্যাচেই জিতেছিল মাশরাফির দল। এদিন দ্বিতীয় ম্যাচটা অবশ্য বৃষ্টির জন্য পরিত্যক্তই হয়ে গেছে। যতক্ষণ খেলা হয়েছিল তাতে লাল দল ৯ ওভারে ৪ উইকেটে করেছিল ৫৪ রান।
একটা ম্যাচ হতে পারলেও তার ভেতর স্বস্তির কিছু উপাদান ঠিকই ছিল বাংলাদেশ অধিনায়কের। রান করতে ভুলে যাওয়া সবুজ দলের দুই ওপেনার তামিম ইকবাল ও জুনায়েদ ইমরোজ সিদ্দিকী রানে ফেরার আভাস দিয়েছেন এদিন। তামিমের ৩০ বলে ২৭ রানের ইনিংসে ছিল চারটি চারের মার। আর জুনায়েদের ৩১ বলে ৩৬ রানের ইনিংসে তিনটি। অধিনায়ক নিজে মাত্র ৩ রান করে আউট হয়ে গেলেও জানিয়েছেন দুই ওপেনারকে নিয়ে সন্তুষ্টির কথা,"অবশেষে দুই ওপেনার কিছু রান পেল। আমি চেয়েছিলাম দেশ ছাড়ার আগেই যেন সবাই কিছু না কিছু রান করে যেতে পারি। সেটা হয়েছে।" তবে সবার মধ্যেও অলককে আলাদা করে নিচ্ছেন অধিনায়ক, "খেয়াল করলে দেখবেন আমরা যতোগুলো প্রস্তুতি ম্যাচ খেললাম তার প্রতিটাতেই অলক কিছু না কিছু করেছে।" প্রস্তুতি ম্যাচগুলোর মধ্যে অধিনায়কের ৫১ রানের ইনিংসটাই এতোদিন সর্বোচ্চ হয়ে ছিল। রোববার সেটা টপকে গেলেন অলক ৬৮ রানের ইনিংস খেলে।
প্রস্তুতিতে এরকম বড়ো ইনিংসের সংকট দেখেছেন অধিনায়ক। দেখেছেন আরো কিছু সমস্যাও। যেকারণে ওপেনাররা রানে ফেরার আভাস দিলেও সার্বিক বিচারে এখনো সন্তুষ্ট হওয়ার মতো অবস্থানে যেতে পারেননি আশরাফুল। কিছূ কিছু সমস্যার কথা তিনি নিজেই তুলে ধরেছেন এভাবে, "আমাদের মধ্যে বড়ো ইনিংস খেলার হার এখনো অনেক কম। ২৫/৩০ রানের ইনিংস অনেক হচ্ছে। সেগুলো খুব বড়ো না হোক, ৪০/৫০ এ নিয়ে যেতে পারলেও দলের অনেক কাজে লাগে। তাছাড়া শেষ চার ওভারে যেখানে ৫০/৬০ রান তোলার কথা, সেখানে আমরা তুলছি ২৫/৩০ করে। যাক, এই সমস্যাগুলো কাটানোর জন্য এখনো বেশ কিছুটা সময় আমাদের হাতে আছে।"
চার জাতির টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্টে খেলতে ২৯ আগস্ট সকাল ১০টায় কেনিয়াগামী বিমানে চাপছেন আশরাফুলরা। তার আগে সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ প্রস্তুতি ম্যাচটা খেলে যাবেন তারা। কেনিয়ার টুর্নামেন্টে স্বাগতিকরা ছাড়াও বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান এবং উগান্ডা। সমস্যার সমাধানে এই টুর্নামেন্টটাকেই বোধহয় কাজে লাগাতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর
সবুজ দল : ২০ ওভারে ১৩৪/৬ (তামিম ২৭, জুনায়েদ ৩৬, আফতাব ২৭, নাদীফ ১০, মাশরাফি ৭, সাকিব ১৭, রাজ্জাক অপরাজিত ২, শরীফ অপরাজিত ১, অতিরিক্ত ৭, রাসেল ০/২০, জিয়াউর ০/১২, ফরহাদ ২/২৬, মাহমুদুল্লাহ ২/২৬, আশরাফুল ০/২৫, অলক ২/২৩)
লাল দল : ২০ ওভারে ১২৫/৬ ( অলক ৬৮, নাজিম ১১, আশরাফুল ৩, মাহমুদুল্লাহ ১০, জিয়াউর ১, ফরহাদ ২৬, মুশফিক অপরাজিত ১, অতিরিক্ত ৫, মাশরাফি ০/৩৮, রাজ্জাক ২/২২)
ফল : সবুজ দল ৯ রানে জয়ী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৪৫ঘ.
bdnews24