ঢাকা, ২৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আগেই ঠিক হয়ে ছিল টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের স্পনসর কারা হবে। কিন্তু আইসিসির অনুমোদন না পাওয়া পর্যন্ত স্পনসরের নাম প্রকাশ করতে চাইছিল না বিসিবি। সেটা পেয়ে যাওয়ার পর শনিবার তারা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ২০ ওভারের ক্রিকেটের সর্বোচ্চ আসরে মোহাম্মদ আশরাফুলদের জার্সিতে শোভা পাবে এবি ব্যাংকের লোগো।
এই ব্যাংকটি অবশ্য আগে থেকেই বিসিবির সঙ্গে অফিশিয়াল পার্টনার হিসেবে যুক্ত। দু'বছরের জন্য দেশের মাটিতে সমস্ত আন্তর্জাতিক ক্রিকেটের টিকেট বিক্রির স্বত্ত্ব কিনেছে তারা। তবে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য তারা কত টাকা দিচ্ছে সেটা প্রকাশ করেনি বিসিবি। এর কারণ হিসেবে মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেছেন, "স্পনসররা চেয়েছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এসব তথ্য জানাবেন। সে কারণেই আমরা শুধু স্পনসরের নামটা জানিয়েছি।"
বিসিবি আনুষ্ঠানিকভাবে না জানালেও অঙ্কটা অবশ্য গোপন থাকেনি। বিসিবিরই আরেকটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, এজন্য এবি ব্যাংক দিচ্ছে ১০ লাখ ২০ হাজার টাকা। কিছু দিন আগে স্পনসরশিপের জন্য উন্মুক্ত দরপত্র আহবান করা হয়েছিল। তাতে তিনটি কোম্পানি অংশ নেয়। তবে সর্বোচ্চ দর দেয় এবি ব্যাংকই। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পনসর ইস্পাহানিও ওই দরপত্রে অংশ নেয়। কিন্তু তাদের মতো অ্যাক্সিম টেকনোলজি নামের আরেকটি কোম্পানিও ৭ লাখ টাকা দর দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৮২০ঘ.
bdnews24