লন্ডন, ২৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- খেলতে খেলতেই টের পেলেন ব্যাথাটা। বোলিং থেকে নিজেকে সরিয়ে নিলেন শেন ওয়ার্ন। আর তারপর স্ক্যান করতেই বেরিয়ে এল দুঃসংবাদটা। পাঁজরের হাড়ে চিড় ধরেছে ওয়ার্নের। সুস্থ্য হয়ে ফের বল হাতে নিতে আরো সপ্তাহ তিনেক লাগবে। হ্যাম্পশায়ার অধিনায়ক সাবেক এই অস্ট্রেলিয়ান গ্রেটের এ মৌসুমে সম্ভবত আর ফেরা হচ্ছে না।
বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচে এই ইনজুরিতে পড়েছেন ওয়ার্ন। শুক্রবার হ্যাম্পশায়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে ওয়ার্নের ১১তম পাঁজরের হাড়ে চির ধরেছে। ইংলিশ এই কাউন্টি ক্লাবের ফিজিও অ্যান্ড্রু নিলন জানিয়েছেন, "ওর সুস্থ্য হয়ে উঠতে ঠিক কত সময় লাগবে এটা ঠিক করে দেওয়া আসলে কঠিন। দীর্ঘ ক্যারিয়ারে প্রচুর ইনজুরির ধকল সয়েছে শেন, আর ব্যথা নিয়েও একমাত্র সে-ই খেলে যেতে পারে।"
১৯৭৩ সালের পর ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ শিরোপা আর জিততে পারেনি হ্যাম্পশায়ার। এবার অন্যতম ফেবারিট হওয়ায় ওয়ার্নের ইনজুরি একটা বড় ধাক্কা তাদের জন্য। নিলন বলেছেন, "আমাদের আর মাত্র চারটি খেলা বাকি। যদি কোনো মানুষের পক্ষে সম্ভব হয়, তাহলে মৌসুম শেষ হওয়ার আগে সে হয়তো মাঠে ফিরবে। ওকে সুস্থ্য করে তুলতে সম্ভাব্য সব চেষ্টাই করব আমরা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫০৫ঘ.
bdnews24