গায়ানা, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- কাঁধের ইনজুরি থেকে সেরে উঠেছেন। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্বেও ফিরেছেন রামনরেশ সারওয়ান। আসছে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আসরে দলের পাশাপাশি নিজেও দারুণ কিছু করে দেখানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে ইনজুরিতে পড়েছিলেন সারওয়ান। তার বদলি অধিনায়ক ক্রিস গেইলের নেতৃত্বে ওয়ানডে সিরিজ জিতেছে ক্যারিবিয়ানরা। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে সেই ধারাবাহিকতাই ধরে রাখার স্বপ্নের কথা জানিয়েছেন সারওয়ান, "টুর্নামেন্টের প্রাথমিক পর্বে আমাদের দুটো ম্যাচ. দুটোই জিততে চাই। বিশেষ করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ম্যাচটা জিতলে প্রতিযোগিতায় খুব ভালো একটা শুরু হবে আমাদের।"
বিশ্বকাপে স্বাগতিক হওয়ার সুবিধা নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আট দলের সুপার এইটে তাদের অবস্থান ছিল ষষ্ঠ। কিন্তু টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলেই মনে করেন সারওয়ান, "প্রতিটি খেলোয়াড় খুবই পরিশ্রম করছে, তারা ভাল করতে মরিয়া। টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে সব দলই সমান বিপজ্জনক, প্রত্যেকেরই সমান সুযোগ।"
কিন্তু শেষ কথাটা একেবারেই অন্যরকম, টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের প্রচারকদের জন্য যা একটা ধাক্কার মতোই। টুয়েন্টি টুয়েন্টি ধাঁচের ক্রিকেটটা ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়কের পুরো পছন্দ হয়নি এখনও, "আমি বড় দৈর্ঘ্যরে খেলাই পছন্দ করি। সেটাতেই আসল মজা। তবে এটাও ঠিক টুয়েন্টি টুয়েন্টি দর্শকদের জন্য অনেক বেশি বিনোদনের।"
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম
bdnews24