ঢাকা, ১৪ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-----টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে কেনিয়াতে একটা টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ দল। টুর্নামেন্টটা ছিল তিন দলের, কিন্তু শেষ মুহূর্তে উগান্ডা যোগ হওয়াতে এখন এটা চার জাতি টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে মঙ্গলবার জানা গেছে সেই টুর্নামেন্টের সূচী, সে অনুযায়ী ১ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টটি শেষ হবে ৪ সেপ্টেম্বর।
বাংলাদেশ দল কেনিয়া পৌঁছাবে ২৯ আগস্ট। প্রথম ম্যাচটা ১ সেপ্টেম্বর, সেদিন বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক কেনিয়ার। পরের দুটো ম্যাচ ২ ও ৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ যথাক্রমে পাকিস্তান এবং উগান্ডা। সাধারণত এসব টুর্নামেন্টে একটা ফাইনাল থাকে, কিন্তু নিছক প্রস্তুতি টুর্নামেন্ট বলে এখানে ফাইনাল নেই কোনো। তাই বাংলাদেশ ৬ সেপ্টেম্বরই রওনা হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। সেখানেই বসবে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/২০১৫ঘ.
bdnews24