লন্ডন, ১০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ইংল্যান্ডের মাটিতে শেষ সিরিজটা সেঞ্চুরি ছাড়াই ফিরবেন শচীন টেন্ডুলকার! সম্ভাবনা প্রবল। ট্রেন্টব্রিজে ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি। আর ওভালে আউট হয়েছেন ৮২ রান করে। যেভাবে তরতরিয়ে এগোচ্ছে ভারতের রানের চাকা, তাতে দ্বিতীয় ইনিংসে ব্যাট নাও করতে হতে পারে লিটল মাস্টারকে। সেক্ষেত্রে হতাশায় সঙ্গী পাবেন সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়কে। যদিও একই সঙ্গে রয়েছে আনন্দের আভাসও। ২১ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতার সম্ভাবনাটা এখন অনেকখানি উজ্জ্বল। ওভাল টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন ভোজনের বিরতিতে ভারতের সংগ্রহ ৬ উইকেট ৪২৯ রান। ৩২ রান নিয়ে ব্যাট করছেন মহেন্দ্র সিং ধোনী। তার সঙ্গী অনিল কুম্বলের রান ১।
৪ উইকেটে ৩১৬ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। ভিভিএস লক্ষ্মণের সঙ্গে টেন্ডুলকারের পঞ্চম উইকেট জুটি শেষ পর্যন্ত ৭৮ রানে গিয়ে ভেঙেছে। উইকেট কিপার ম্যাট প্রিয়রের ক্যাচ বানিয়ে লক্ষ্মণকে আউট করেছেন ক্রিস ট্রেমলেট। ৫১ রান করা লক্ষ্মণকে ৪১ রানের মাথায় জীবন দিয়েছিলেন প্রিয়র তার ক্যাচ ফেলে। ২০ রানে প্রিয়রের হাতেই জীবন পেয়েছিলেন টেন্ডুলকারও। ৩৮তম টেস্ট সেঞ্চুরিটা যখন নিশ্চিত দেখাচ্ছিল তখনই ভুল করলেন। লাঞ্চের মিনিটদশেক বাকি থাকতে জেমস এন্ডারসনের বলে অ্যান্ড্রু স্ট্রাউসকে ক্যাচ দিয়েছেন প্রথম স্লিপে। তার আগে ধোনীর সঙ্গে ৬ষ্ঠ উইকেট জুটিতে আরো ৬৩ রান যোগ করেছেন টেন্ডুলকার। দলীয় সংগ্রহকে নিয়ে গেছেন চার'শর ওপরে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৮২৫ঘ.
bdnews24