কলম্বো, ১০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত ও পাকিস্তানের পর এবার একই অবস্থান নিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও। 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগের সঙ্গে চুক্তি করলে ক্রিকেটারদের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে তারা। বেশ কজন সিনিয়র ক্রিকেটার আইসিএল থেকে প্রস্তাব পাওয়ার পর নিজেদের এই দৃঢ় অবস্থানের কথা পরিষ্কার করে দিয়েছে লঙ্কান বোর্ড। শুক্রবার বোর্ডকমিটির সভা শেষে এক বিবৃতিতে তারা বলেছে, "শ্রীলঙ্কা ক্রিকেটের অনুমোদন ছাড়া কোনো টুর্নামেন্ট বা লিগে কোনো খেলোয়াড় অংশ নিলে তাকে জাতীয় দলে নির্বাচিত করা হবে না। একই সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের আওতাভুক্ত সকল ধরণের কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগও হারাতে হবে তাকে।"
শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি কাঙ্গাদারান মাথিয়াভানান আরো স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছেন তাদের অবস্থানের, "আইসিএল-এ অংশ নেওয়া খেলোয়াড়দের শ্রীলঙ্কার মাটিতে কোনো ধরণের ক্রিকেটিয় কার্যক্রমে অবাঞ্ছিত করা হবে। তাদের এমনকি ঘরোয়া ক্রিকেটেও খেলতে দেওয়া হবে না। ক্রিকেটের প্রশাসনিক কোনো পদ এমনকি আম্পায়ারিং ও ধারাভাষ্যেও নেওয়া হবে না তাদের।" মাথিয়াভানান অবশ্য জানিয়েছেন এখন পর্যন্ত মারভান আতাপাত্তু ছাড়া আর কেউ আইসিএল-এ খেলার জন্য আগ্রহ নিশ্চিত করেননি। আতাপাত্তু বোর্ডের সঙ্গে চুক্তি থেকে অব্যহতি চেয়ে আবেদন করেছিলেন, বোর্ড তার আবেদন মেনে নিয়েছে।
এর আগে পাকিস্তান এবং ভারতীয় ক্রিকেট বোর্ডও অভিন্ন ঘোষণা দিয়েছে। আগামী অক্টোবর থেকে টুয়েন্টি টুয়েন্টি ঘরানার আইসিএল শুরু হওয়ার কথা। এতে ৬টি দল খেলবে। প্রতি দলে চারজন আন্তর্জাতিক, দুজন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার এবং আটজন উঠতি খেলোয়াড় থাকবেন। এখন পর্যন্ত ব্রায়ান লারাই একমাত্র ক্রিকেটার যার সঙ্গে আইসিএল চুক্তি করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭১১ঘ.
bdnews24