২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চারজন নতুন মুখ, দলে ফিরলেন অলক কাপালি

বোর্ড সভায় অনুমোদন হবে বলে নির্বাচকদের গড়া দল নিয়ে কাটাছেঁড়া হওয়ার আশঙ্কার কথা উচ্চারিত হলেও তা সত্যি হয়নি শেষ পর্যন্ত। আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য ফারুক আহমেদদের গড়ে দেওয়া দলই অনুমোদন পেয়েছে বৃহস্পতিবার বিসিবির অস্থায়ী কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায়। ১৫ জনের দলে বড় চমক অলরাউন্ডার অলক কাপালি। সর্বশেষ ঘরোয়া ক্রিকেট মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ঠিক এক বছর পর বাংলাদেশ দলে ফিরলেন তিনি। গত বছর ৪ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলা অলকের অন্তর্ভুক্তির পাশাপাশি এই দলে একেবারে নতুন মুখও আছেন চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 02:34 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, ৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বোর্ড সভায় অনুমোদন হবে বলে নির্বাচকদের গড়া দল নিয়ে কাটাছেঁড়া হওয়ার আশঙ্কার কথা উচ্চারিত হলেও তা সত্যি হয়নি শেষ পর্যন্ত। আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য ফারুক আহমেদদের গড়ে দেওয়া দলই অনুমোদন পেয়েছে বৃহস্পতিবার বিসিবির অস্থায়ী কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায়। ১৫ জনের দলে বড় চমক অলরাউন্ডার অলক কাপালি। সর্বশেষ ঘরোয়া ক্রিকেট মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ঠিক এক বছর পর বাংলাদেশ দলে ফিরলেন তিনি। গত বছর ৪ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলা অলকের অন্তর্ভুক্তির পাশাপাশি এই দলে একেবারে নতুন মুখও আছেন চারজন। এরা হচ্ছেন টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান জুনায়েদ ইমরোজ সিদ্দিকী, নাদীফ চৌধুরী, নাজিমউদ্দিন এবং জিয়াউর রহমান। এই দলটা দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে কেনিয়া হয়ে যাবে। ২০ ওভারের ক্রিকেটের প্রথম বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সেখানে একটি চার জাতির টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্টও খেলবে মোহাম্মদ আশরাফুলের দল। আগামী ২৯ আগস্ট কেনিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা তাদের। টুর্নামেন্টে স্বাগতিক কেনিয়া ছাড়াও বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। যে দলটা তার হাতে তুলে দেওয়া হয়েছে, তা ভীষণ মনে ধরেছে অধিনায়কের, "ভালো দল হয়েছে। তরুণ এবং প্রতিভাবানদের দল।" এর আগে একটাই মাত্র টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত ডিসেম্বরে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ম্যাচে বাংলাদেশের অধিনায়ক শাহরিয়ার নাফীস এবং মোহাম্মদ রফিককে বিবেচনাতেই আনা হয়নি এই দল গড়ার সময়। কেন? এর ব্যাখ্যায় প্রধান নির্বাচক ফারুক আহমেদ বললেন, "নাফীস চিঠি দিয়ে বোর্ডকে জানিয়েছে যে এই টুর্নামেন্টের জন্য ওকে পাওয়া যাবে না। ওর পরীক্ষা ছাড়াও কিছু ব্যক্তিগত সমস্যাও নাকি আছে। আর রফিকও চিঠি দিয়ে জানিয়েছে, ডাক্তার তাকে আরো দুই সপ্তাহ পুরো বিশ্রামে থাকতে বলেছে।" আগামী মাসে তাদের প্রথম সন্তানের জন্ম দিতে যাওয়া স্ত্রীর পাশে থাকাকে কর্তব্য বলে মনে করছেন নাফীস। আর বাম পাঁজরের হাঁড়ে সামান্য চিড় ধরা পড়ায় কোনো ঝুঁকিতে যেতে চাইছেন না দেশের সেরা বাঁহাতি স্পিনার রফিক। নাফীসকে বিবেচনা করা যায়নি ঠিকই। তাই বলে তৃতীয় একজন ওপেনারও রাখবেন না নির্বাচকরা? তামিম ইকবাল ও জুনায়েদ ছাড়া আর কোনো ওপেনার না থাকলেও বিকল্প ভেবে রাখা আছে বলে জানিয়েছেন ফারুক, "এই ওপেনিং জুটি সফল না হলে মেকশিফট ব্যবস্থায় যেতে হবে। তখন ওপেনিংয়ে নাজিমউদ্দিন কিংবা মুশফিকুর রহিম চলে আসতে পারে।" সর্বশেষ ঘরোয়া ক্রিকেট মৌসুমে আবাহনীর হয়ে খেলা নাজিমউদ্দিনের আরেক ক্লাব সতীর্থও আছেন এই দলে। পেস বোলিংয়ের পাশাপাশি শেষের দিকে ব্যাটিংয়েও দ্রুত রান তুলতে পারার ক্ষমতার কারণেই জিয়াউরকে দলে নিয়েছেন বলে জানিয়েছেন ফারুক। অবশ্য এই জায়গাটায় তাপস বৈশ্যের অর্ন্তভুক্তিকে নিশ্চিত বলে ধরা হচ্ছিল। কিন্তু বিবেচনায় এসেও শেষ পর্যন্ত তার ছিটকে পড়ার কারণ, "অভিজ্ঞতার কারণে তাপসের কথা আমরাও খুব ভাবছিলাম। কিন্তু গত চার/পাঁচ মাসে ওর কোনো ম্যাচ প্র্যাকটিসই হয়নি। তাছাড়া স্কিল প্র্যাকটিসও তেমন একটা হয়নি। এজন্য আমরা একজন তরুণকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" স্বল্প দৈর্ঘ্যরে ক্রিকেটে কখনো তেমন ভাল করতে পারেননি বলে শাহাদাত হোসেন রাজীবের শেষ পর্যন্ত জায়গা হয়নি দলে। এই জায়গাটা নিয়েছেন বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। এর আগে টুয়েন্টি টুয়েন্টির জন্য দল একবারই গড়তে হয়েছিল ফারুকদের। তাই এবার সেটা করতে যাওয়াটা নিশ্চয়ই কঠিন ছিল খুব? প্রধান নির্বাচকের জবাব, "এটা অবশ্যই নতুন একটা কনসেপ্ট। তবে গত বছর একটা টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্ট করেছিল বোর্ড। ক্রিকেটারদের পারফরম্যান্সের দিক থেকে খুব ভালো হয়েছিল টুর্নামেন্টটা। বেশ কয়েকজন তরুণকে ওই টুর্নামেন্ট থেকে খুঁজে পাওয়া গেছে।" তাদেরই একজন জুনায়েদ জায়গা পেলেও পাননি নাজমুল হোসেন মিলন। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় না হয়ে ভারতীয় উপমহাদেশে হলে মিলন নিঃসন্দেহে দলে থাকতেন, বললেন ফারুক। দক্ষিণ আফ্রিকায় 'এ' গ্র"পে স্বাগতিকরা ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দুটোই প্রবল প্রতিপক্ষ হলেও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যের মতোই প্রসারিত ফারুকের স্বপ্ন, "বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। ছোট দৈর্ঘ্যরে ম্যাচে এ ধরনের ফল হওয়ার সম্ভাবনা বেশিই থাকে। সুতরাং দারুণ হবে যদি বিশ্বকাপের মতো এই আসরেও আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারি।" ১৫ সদস্যের দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা (সহ অধিনায়ক), অলক কাপালি, আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ, সৈয়দ রাসেল, ফরহাদ রেজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, জুনায়েদ ইমরোজ সিদ্দিকী, নাজিম উদ্দিন, নাদিফ চৌধুরী এবং জিয়াউর রহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২২৪৫ঘ.