২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফ-রাজ্জাককে বাদ দিয়ে দল ঘোষণা করল পাকিস্তান

মায়ের অসুস্থতার দোহাই দিয়েছিলেন। আসলে কিন্তু রাগ করেই অনুশীলন শিবির ছেড়েছিলেন মোহাম্মদ ইউসুফ। জল্পনাটা সত্যি হয়েছে মঙ্গলবার যখন পাকিস্তানের নির্বাচকরা টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেন। ১৫ জনের তালিকায় নাম নেই ইউসুফের। নাম নেই আবদুল রাজ্জাকেরও। বদলে দলে এসেছেন ব্যাটসম্যান মিসবাহ-উল হক ও অলরাউন্ডার ইয়াসির আরাফাত। সেইসঙ্গে নবাগত তরুণ ফাওয়াদ আলম ডাক পেয়েছেন আগামী ১১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপগামী পাকিস্তান দলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 11:53 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

করাচি, ৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মায়ের অসুস্থতার দোহাই দিয়েছিলেন। আসলে কিন্তু রাগ করেই অনুশীলন শিবির ছেড়েছিলেন মোহাম্মদ ইউসুফ। জল্পনাটা সত্যি হয়েছে মঙ্গলবার যখন পাকিস্তানের নির্বাচকরা টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেন। ১৫ জনের তালিকায় নাম নেই ইউসুফের। নাম নেই আবদুল রাজ্জাকেরও। বদলে দলে এসেছেন ব্যাটসম্যান মিসবাহ-উল হক ও অলরাউন্ডার ইয়াসির আরাফাত। সেইসঙ্গে নবাগত তরুণ ফাওয়াদ আলম ডাক পেয়েছেন আগামী ১১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপগামী পাকিস্তান দলে। প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দল ঘোষণার পাশাপাশি জানিয়েছেন টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের জন্য ইউসুফ ও রাজ্জাক ঠিক মানানসই নয়, কারণ এ ধরণের ক্রিকেটে তরুণরা ভালো করে। পাশাপাশি আরো ক্ষিপ্র ফিল্ডার প্রয়োজন তাদের। তবে স্বান্তনা দিয়ে এও বলেছেন, "দুজনেই আমাদের সবচেয়ে অভিজ্ঞ পারফরমার এবং নিশ্চিতভাবেই দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তাদের নামই আগে থাকবে।" এমন এক সময় নির্বাচকরা তাদের বাদ দিলেন যখন "বিদ্রোহী" ভারতীয় ক্রিকেট লিগের সঙ্গে জোরেশোরেই শোনা যাচ্ছে তাদের নাম। গত বছর ৯টি সেঞ্চুরিসহ ১৭৮৮ রান করে এক বর্ষপঞ্জীতে সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড করা ইউসুফ অবশ্য আগেই আঁচ পেয়েছিলেন তিনি টুয়েন্টি টুয়েন্টি দলে নেই। ক্ষুব্ধ হয়ে ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন সে জন্য। দল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় বলেছেন, "নির্বাচকরা তাদের পছন্দের দল গড়তেই পারেন। তবে আমি সবসময়ই বলে এসেছি আমি টুয়েন্টি টুয়েন্টি ধরনের ক্রিকেট খেলতে পছন্দ করি।" বিশ্বকাপের জন্য পাকিস্তান দল : শোয়েব মালিক (অধিনায়ক), সালমান বাট, ইমরান নাজির, ইউনিস খান, শহীদ আফ্রিদি, মিসবাহ-উল হক, ফাওয়াদ আলম, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আসিফ, শোয়েব আখতার, উমর গুল, রাও ইফতিখার, ইয়াসির আরাফাত ও আবদুল রেহমান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৪৬ঘ.