২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার সঙ্গে হারটাকে সহজভাবে নিতে পারছে না বোর্ড

যুব বিশ্বকাপে বরাবরই ভালো করে থাকে বাংলাদেশ। শ্রীলঙ্কায় হওয়া সর্বশেষ আসরে অল্পের জন্য সেমিফাইনালে ওঠা হয়নি। না উঠলেও তৎকালীন আইসিসি সভাপতি এহসান মানির কাছ থেকে 'মোস্ট এক্সাইটিং টিম' এর স্বীকৃতি মিলেছিল। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্লেট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আছে দেশের মাটিতে হওয়া এর আগের আসরেও। সাফল্যের এই ধারাবাহিকতায় এবার ছেদ পড়তে পারে, এমন আশঙ্কাই এখন করতে হচ্ছে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অস্থায়ী কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য গাজী আশরাফ লিপুকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 02:41 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, ৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- যুব বিশ্বকাপে বরাবরই ভালো করে থাকে বাংলাদেশ। শ্রীলঙ্কায় হওয়া সর্বশেষ আসরে অল্পের জন্য সেমিফাইনালে ওঠা হয়নি। না উঠলেও তৎকালীন আইসিসি সভাপতি এহসান মানির কাছ থেকে 'মোস্ট এক্সাইটিং টিম' এর স্বীকৃতি মিলেছিল। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্লেট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আছে দেশের মাটিতে হওয়া এর আগের আসরেও। সাফল্যের এই ধারাবাহিকতায় এবার ছেদ পড়তে পারে, এমন আশঙ্কাই এখন করতে হচ্ছে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অস্থায়ী কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য গাজী আশরাফ লিপুকে। তার আশঙ্কাকে অমূলক বলারও উপায় নেই কোনো। বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দল যে এখন মালয়েশিয়ার মতো দলের কাছেও হারছে! আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দল কখনো খুব খারাপ করে ফেললেও যাদের পারফরম্যান্সকে উজ্জ্বল ভবিষ্যতের বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা যাচ্ছিল, তাদেরই দূরবস্থায় হাত-পা গুটিয়ে বসেও নেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান লিপু। ইতিমধ্যে তিনি ফোনে কথা বলেছেন দলের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে। এবং দেশে ফিরলে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এরকম বাজে পারফরম্যান্সের ব্যাখ্যা চাওয়ার ইঙ্গিতও দিয়েছেন। আগামী বছরের শুরুর দিকে মালয়েশিয়াতে বসছে যুব বিশ্বকাপের পরবর্তী আসর। প্রস্তুতির অংশ হিসেবে তাই মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দলকে পাঠানো হয়েছে মালয়েশিয়ায়। সেখানে স্বাগতিকদের অনুর্ধ্ব -১৯ দলের সঙ্গে প্রথম ম্যাচটায় সহজে (১০ উইকেটে) জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে গেছে ৩ উইকেটে। হারের ঘটনা ৩ আগস্ট ঘটলেও বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট টাইগারক্রিকেট ডটকম-এ এই খবর পরিবেশিত হয়েছে পরদিন। কোচকে ফোন করে বিসিবির সঙ্গে এই দূরত্বটাই প্রথমে ঘুঁচাতে বলেছেন লিপু, "ফাহিমের সঙ্গে আমার গতকাল (শনিবার) কথা হয়েছে। তাকে বলেছি এখন থেকে ম্যাচের খবর দ্রুত জানাতে। স্কোরশিটের বিস্তারিতও পাঠাতে বলা হয়েছে তাকে।" ফোনালাপে কিছূ কটুকথাও নিশ্চয়ই শুনতে হয়েছে ফাহিমকে। মালয়েশিয়ার কাছে হারে লিপুর গোপন করতে না পারা ক্ষোভ থেকেই সেটা পরিষ্কার, "এটা তো সবাই-ই মানবেন যে মালয়েশিয়ার কাছে হারাটা ঠিক মানা যায় না।" সেজন্যই দেশে ফিরলে যুব দলের টিম ম্যানেজমেন্টের কাছে এই হারের ব্যাখ্যা চাওয়ার ব্যাপারটা অবধারিত হয়ে গেছে। লিপু যদিও এটাকে 'ব্যাখ্যা চাওয়া' বলতে রাজী নন, "মালয়েশিয়ার কাছে কেন হারলো, এটা তো অবশ্যই জানতে চাওয়া হবে। তবে আমি এটাকে ঠিক জবাবদিহি বলবো না। পারফরম্যান্স মূল্যায়ন বলা যেতে পারে। যেখানে এই সফরে দলে কী কী ঘাটতি ছিল, কোনো সমস্যা ছিল কিনা -এইসব জানতে চাওয়া হবে।" মালয়েশিয়া সফরে যুব দলের আরো দুটো ম্যাচ বাকি আছে। লিপু চাইছেন ওই দুটো ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে তার আশঙ্কাকে ভুল প্রমাণ করুক বাংলাদেশের তরুণ এই ক্রিকেটাররা, "আরো তো দুটো ম্যাচ বাকি আছে। একটা ম্যাচে এমন হতেই পারে, আপাতত ওই হারকে আমি এভাবেই দেখতে চাই। ভাবতে চাই ওটা একটা অঘটন। তবে এভাবে চলতে থাকলে কিন্তু বিপদ। বিশেষ করে যুব বিশ্বকাপে বাংলাদেশ বরাবরই ভালো খেলে থাকে। পরবর্তী আসরের ঠিক আগে যদি মালয়েশিয়ার মতো দলের কাছে হারতে থাকে কিংবা কষ্টেসৃষ্টে জিততে হয়, তাহলে তো চিন্তায় পড়ার যথেষ্টই কারণ আছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪০ঘ.