মুম্বাই, ১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- গ্রাহাম ফোর্ড নাম ঘোষনার পর মত পাল্টেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য সেটা ছিল একটা বড় ধাক্কা। বিশ্বকাপ শেষে গ্রেগ চ্যাপেল পদত্যাগ করার পর থেকেই নিয়মিত কোচ ছাড়াই খেলছে ভারত। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী ১০ আগস্ট নয়াদিল্লীতে এক বৈঠকে বসতে যাচ্ছে বিসিসিআই। সম্ভাবনা আছে যোগ্য প্রার্থী খুঁজতে বিজ্ঞাপন দিতে যাচ্ছে তারা।
বোর্ড সেক্রেটারি নিরঞ্জন শাহ স্থানীয় পত্রিকা 'দ্য হিন্দু'কে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, "১০ আগস্ট নয়াদিল্লীতে বোর্ডের কর্মকর্তারা এক বৈঠকে বসবেন, সেখানেই নতুন কোচ নির্বাচনের প্রক্রিয়ার ব্যাপারে খুটিনাটি ব্যাপারগুলো সম্পর্কে আলোচনা হবে। এ মুহূর্তে ভেঙ্কটেশ প্রসাদ ও রবিন সিং আমাদের বোলিং এবং ফিল্ডিং কোচ হিসেবে আছেন, তারা ভালোই কাজ করছেন।"
বিজ্ঞাপন দিয়ে কোচ খোঁজার সম্ভাবনাটা উড়িয়ে দেননি শাহ। তিনি জানিয়েছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার, এস ভেঙ্কটরাঘবন, রবি শাস্ত্রী এবং বোর্ড প্রেসিডেন্ট শরদ পাওয়ারের নেতৃত্বে বাছাই করা একটি কমিটির প্যানেল কোচ পদের জন্য প্রার্থীদের যাচাই করবেন। বলেছেন, "আমাদের তেমন তাড়া নেই এবং সম্ভাব্য সেরা প্রার্থীকেই বেছে নেব আমরা। আমি পদটার জন্য বিজ্ঞাপন দিতে আগ্রহী, তবে বোর্ডের অন্য সদস্যদের মতামতও নিতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬৩০ঘ.
bdnews24