ঢাকা, ৩০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জাতীয় দলের কোচ নেই। টিম স্পনসর ঠিক করার বিষয়টারও রফা হওয়া দরকার। দুই নির্বাচকের চুক্তির মেয়াদকাল ফুরাচ্ছে ৩১ জুলাই। ওদিকে আবার আসন্ন টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার ডেডলাইনও (১১ আগস্ট) ঘনিয়ে আসছে। এরকম নানা বিষয়ে জরুরিভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী এসব বিষয়ের সুরাহা করতেই আগামী ১ আগস্ট এক জরুরি সভা ডেকেছেন বিসিবি কার্যালয়ে। সেখানেই এসব ঝুলে থাকা ব্যাপারগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। সোমবার সকালে সেনা সদর দপ্তরে নতুন সভাপতির সঙ্গে দেখা করে এই সভা ডাকার সিদ্ধান্তের কথা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি।
এছাড়া ১ আগস্টের সভাতে বিসিবির ১৭টি স্ট্যান্ডিং কমিটির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়ার কথা। নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সবার পদত্যাগের ফলে ওই কমিটি বিলুপ্ত হয়ে গেলেও তাদের সময়ে তৈরি স্ট্যান্ডিং কমিটিগুলো বিলুপ্ত হয়ে গেছে কিনা সেটা সম্পর্কে পরিষ্কার কিছু বলা নেই ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে। সেকথাই জানাচ্ছেন প্রধান নির্বাহী, "কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত হয়ে গেলে স্ট্যান্ডিং কমিটিও বিলুপ্ত হবে কিনা সে বিষয়ে গঠনতন্ত্রে কিছু বলা নেই। আমি সভাপতি সাহেবকেও তা জানিয়েছি। উনি কী করা যায় জিজ্ঞেস করেছিলেন আমাকে। আমি বলেছি, সেই সিদ্ধান্ত তো আপনি নেবেন।"
১ আগস্টের সভাতে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তের পাশাপাশি অস্থায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় পর্বটাও সারবেন বিসিবির নতুন সভাপতি হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস)। প্রধান নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সভায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/এমএম/এসকে/ ১৮১০ ঘ.
bdnews24