করাচি, ২৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রায়ান লারা, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা। প্রথম জন চুক্তি করে ফেলেছেন পরের দুজন ভাবছেন। ভারতের বিদ্রোহী লিগ বলে পরিচিতি পাওয়া 'ইন্ডিয়ান ক্রিকেট লিগ' বা আইসিএল-এর কর্মকর্তারা বসে নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের রক্তচক্ষু উপেক্ষা করে তারা ঘরোয়া লিগের ক্রিকেটারদের যেমন দলে ভেড়াচ্ছেন, তেমনি প্রস্তাব পাঠাচ্ছেন বিদেশেও। এ তালিকায় সর্বশেষ নাম ইনজামাম-উল হক। পাকিস্তানের সাবেক অধিনায়ক জানিয়েছেন আইসিএল-এর আয়োজকরা যোগাযোগ করেছে তার সঙ্গে। এবং তিনি খেলতে খুবই আগ্রহী। ইনজামামের ভাষ্য, "আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে লিগে খেলতে। আমি শর্ত ও আনুষঙ্গিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি, মনের মতো হলে অবশ্যই আমি খেলব।"
ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান ইসেল গ্র"প ও তাদের মিডিয়া কোম্পানি জি স্পোর্টসের স্পনসরশিপে এ বছর থেকেই শুরু হচ্ছে টুয়েন্টি টুয়েন্টি ধাঁচের এই লিগ। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড একে স্বীকৃতি দেয়নি। উল্টো ঘরোয়া ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছে এতে না খেলতে। ইনজামামের মতে আইসিএল চালু হলে সেটা ভারতের জন্য উপকারই বয়ে আনবে। বরং ক্রিকেট বোর্ডের এই বৈরিতায় কিছুটা অবাক হয়েছেন তিনি, "লারা, ওয়ার্ন বা ম্যাকগ্রার মতো গ্রেট খেলোয়াড়দের পাশে খেলতে পারলে ভারতীয় তরুণরা অনেক কিছুই শিখতে পারবে। জানি না কেনো কর্মকর্তারা এর ওপর এতটা বিরূপ।' কারণও একটা আন্দাজ করেছেন, "আসল কথা হচ্ছে তারা ভয় পাচ্ছে। যদি আয়োজকরা ভালো পারিশ্রমিক দিয়ে শীর্ষ খেলোয়াড়দের দলভুক্ত করে তাহলে ভবিষ্যতে অন্য খেলোয়াড়রা তাদের বোর্ডের কাছে একই অঙ্ক দাবি করবে। একই ঘটনা ঘটেছিল যখন ক্যারি প্যাকার তার ক্রিকেট লিগ (সত্তর দশকে অস্ট্রেলিয়ায়) চালু করেছিলেন। প্রচুর খেলোয়াড় আছে যারা মনে করে বোর্ডগুলো যে পরিমান আয় করে সে তুলনায় তাদের পারিশ্রমিক খুবই কম।"
বিশ্বকাপের পর পাকিস্তানের ব্যর্থতার দায় নিয়ে ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন ইনজামাম। কিন্তু টেস্ট ক্রিকেটকে এখনও বিদায় জানাননি। বলেছেন, "যতদিন শারীরিকভাবে সক্ষমতা থাকবে, ফর্ম থাকবে, আমি টেস্ট ক্রিকেট খেলে যাব। আমার লক্ষ্য ১০ হাজার টেস্ট রান পুরো করা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৯২৫ঘ.
bdnews24