২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ক্রিকেটের ফাইনাল 'প্রায় নিশ্চিত' বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের

একেবারে নিশ্চিত না হলেও শ্রীলঙ্কায় অনুষ্ঠানরত ত্রিদেশীয় ক্রিকেট প্রতিযোগীতার ফাইনালে ওঠা 'প্রায় নিশ্চিত' বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। কাগজে কলমে যদিও স্বাগতিক শ্রীলঙ্কার ফাইনালে ওঠার সম্ভাবনা এখনো টিকে আছে। কিন্তু তারা নেট রান রেটে বাংলাদেশের চেয়ে অনেকটাই পিছিয়ে থাকায় সেই সম্ভাবনা অনেকটা ক্ষীণও। সোমবার কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ ৪৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়েই প্রশস্ত করেছে ফাইনালের পথ। ৪৮ দশমিক ৪ ওভারে ২০৪ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কান তরুণরা ৪৬ ওভারে মাত্র ১৬১ রানে গুটিয়ে যায়। দুই ম্যাচের দুটোতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই ফাইনালে উঠে বসে আছে প্রতিযোগীতার তৃতীয় দল ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 04:24 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, ২৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- একেবারে নিশ্চিত না হলেও শ্রীলঙ্কায় অনুষ্ঠানরত ত্রিদেশীয় ক্রিকেট প্রতিযোগীতার ফাইনালে ওঠা 'প্রায় নিশ্চিত' বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। কাগজে কলমে যদিও স্বাগতিক শ্রীলঙ্কার ফাইনালে ওঠার সম্ভাবনা এখনো টিকে আছে। কিন্তু তারা নেট রান রেটে বাংলাদেশের চেয়ে অনেকটাই পিছিয়ে থাকায় সেই সম্ভাবনা অনেকটা ক্ষীণও। সোমবার কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ ৪৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়েই প্রশস্ত করেছে ফাইনালের পথ। ৪৮ দশমিক ৪ ওভারে ২০৪ রান তুলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কান তরুণরা ৪৬ ওভারে মাত্র ১৬১ রানে গুটিয়ে যায়। দুই ম্যাচের দুটোতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই ফাইনালে উঠে বসে আছে প্রতিযোগীতার তৃতীয় দল ভারত। বাংলাদেশ (৩ পয়েন্ট) ও শ্রীলঙ্কা (১ পয়েন্ট), দু'দলই খেলেছে তিনটি করে ম্যাচ এবং তাদের একটা করে ম্যাচ বাকি ভারতের সঙ্গে। ২৬ জুলাই বাংলাদেশ ভারতের কাছে হারলে এবং শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচে ভারতীয় তরুণদের হারালেই দু'দলের পয়েন্ট সমান হবে। তখন নিয়মানুযায়ী শ্রেয়তর রানরেটে একটা দলকে ফাইনালে তোলা হবে। এক্ষেত্রে বাংলাদেশের (-১ দশমিক ৫৯) সঙ্গে আগের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হওয়া শ্রীলঙ্কা (-৪ দশমিক ০৪) পিছিয়ে আছে অনেকটাই। সুতরাং শেষ ম্যাচে বাংলাদেশের হারই শুধু নয়, ভারতের বিপক্ষে অনেক, অনেক বড়ো ব্যবধানে জেতার শর্তও থাকছে স্বাগতিকদের। আপাতদৃষ্টিতে যেটাকে 'অসম্ভব' বলে মনে হওয়াই স্বাভাবিক। বাংলাদেশের ২০৪ রানের ইনিংসে একটাও ফিফটি নেই। সর্বোচ্চ ৩৫ রান করেছেন আশরাফুল আজিজ। এছাড়া উল্লেখ করার মতো রান এসেছে তাপস ঘোষ (২৭), মিথুন আলী (২৭) এবং অধিনায়ক মাহমুদুল হাসানের (৩২) ব্যাট থেকে। পরে মাত্র ২০ রানে ৩ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে অল্পতে বেঁধে ফেলায় অধিনায়কই রেখেছেন সবচেয়ে বড়ো ভূমিকা। ব্যাটিংয়ে অল্পবিস্তর ভূমিকা রাখা তাপস বল হাতেও ২১ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়া নাসির (২/২৬) এবং রুবেলও (২/২৭) নিয়েছেন দুটো করে উইকেট। তথ্যসূত্র : টাইগারক্রিকেট ডটকম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১০২০ঘ.