লন্ডন, ২২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বয়স বলছে এটাই তাদের শেষ সফর। আগামী চার বছরের মধ্যে ভারত ইংল্যান্ড সফরে আসছে না। লর্ডসে শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের এটাই শেষ টেস্ট। আর সেই শেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে পারলেন না দুজনের কেউই। আক্ষেপটা টেন্ডুলকারেরই বেশি থাকবে। সেঞ্চুরির রেকর্ড আছে ভারতীয় এই ব্যাটিং জিনিয়াসের। কিন্তু লর্ডসে নেই। এবারও হলো না। অভিষেকে ৫ রানের জন্য মিস করা দ্রাবিড়েরও অধরা রয়ে গেলো সেঞ্চুরি। কিন্তু তার চেয়ে বড় কথা লর্ডসে হার এড়ানোও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। জয়ের জন্য ৩৮০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ১২৩ রান করেছে তারা। দীনেশ কার্তিক ব্যাট করছেন ৫২ রান নিয়ে। সৌরভ গাঙুলীর রান ২৭।
ওয়াসিম জাফরকে (৮) আউট করে শুরুটা করেছিলেন প্রথম ইনিংসের হন্তারক জেমস এন্ডারসন। ক্রিস ট্রেমলেট নিয়েছেন দ্রাবিড়ের (৯) উইকেট। মন্টি পানেসারের বলে এলবিডব্লু হয়েছেন টেন্ডুলকার (১৬)। এর আগে কেভিন পিটারসেনের দারুণ এক সেঞ্চুরিতে ভর করে ৩৭৯ রানের লিড নেয় স্বাগতিকরা।
সেঞ্চুরির পর মুষ্ঠিবদ্ধ হাতটায় আনন্দের পাশাপাশি আক্রোশও ছিল কি! অদৃশ্য কোনো শত্র"র বিরুদ্ধে যেন পাল্টা জবাব দিলেন কেভিন পিটারসেন। হতে পারে শত্র"টা ইংলিশ মিডিয়া। লর্ডস টেস্টের আগে শ্রান্তির কথা বলেছিলেন। আর সেটাকে তাল বানিয়ে কি লেখেনি সে দেশের মিডিয়া। তারপরও প্রশস্তি গাইতে হবে পিটারসেনের। তার ১৩৪ রানে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। লর্ডস টেস্টের চতুর্থ দিনে চা-বিরতির খানিক আগে ২৮২ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। ভারতকে জয়ের জন্য লক্ষ্য দিয়েছে ৩৮০ রানের।
এই লক্ষ্যটাই একসময় অগম্য হয়ে দাঁড়িয়েছিল ইংল্যান্ডের জন্য। কারণ আরপি সিং। বাঁহাতি এই সিমার ৫৯ রানে ৫ উইকেট নিয়ে লর্ডসের অনার বোর্ডে নাম লিখিয়েছেন। আর দিনের শুরুতেই মাত্র ৪ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে বিপদে ফেলে দিয়েছিলেন ইংল্যান্ডকে। ২ উইকেটে ৭৭ রানে দিন শুরু করেছিল তারা। কিন্তু আর পি সিং এসেই একে একে তুলে নেন মাইকেল ভন (৩৩), পল কলিংউড (৪) ও ইয়ান বেলকে (৯)। তৃতীয় দিন ১৫ রানে অপরাজিত থাকা পিটারসেনের ওপর কোনো প্রভাবই ফেলেনি অন্য প্রান্তে ব্যাটসম্যানদের এই আসা যাওয়া। তিনি সমান তালে পিটিয়ে গেছেন। ৮৮ বলে পুরো করেছেন তার ১১তম টেস্ট ফিফটি। সেটা ৯ম টেস্ট সেঞ্চুরিতে রূপ দিয়েছেন ১৪৬ বলে। লাঞ্চ পর্যন্ত ম্যাট প্রায়োরকে নিয়ে আর কোনো ক্ষতি হতে দেননি পিটারসেন। বিরতির পর ফিরে এসে দেখা দেন তার পুরনো সেই বিধ্বংসী রূপে। অনিল কুম্বলেকে ছক্কা মেরে নব্বইয়ের ঘরে পৌঁছেছেন, তাও সেটা মিডিয়া সেন্টারের সামনে ফেলে। সেঞ্চুরি করেছেন আরেকটি চারে।
আগের দিন দু উইকেট নেওয়া জহির খান দিয়েছেন ভারতকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুটি। ৪২ রানে প্রায়োরকে আউট করেছেন। তবে তার আগে ৬ষ্ঠ উইকেটে ১১৯ রান যোগ করেছেন প্রায়োর পিটারসেনের সঙ্গে। পরের বলেই ক্রিস ট্রেমলেটের উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন জহির। এ ম্যাচে অভিষেক হওয়া ট্রেমলেটের জন্য ব্যাটিংটা বিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে, কারণ জোড়া শুন্য পেয়েছেন তিনি। ইংল্যান্ডের লেজটা ছেটেছেন কুম্বলে ও আরপি সিং। রায়ান সাইডবটমকে আউট করেছেন কুম্বলে। সিং পেয়েছেন পিটারসেনের মূল্যবান উইকেটটি। তারপর ইংল্যান্ডের ইনিংসের যতি টেনেছেন মন্টি পানেসারকে আউট করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১১৫০ঘ.
bdnews24