ঢাকা, ১৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই বাতাসে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছিল। একদিন শোনা যেত অমুক পদত্যাগ করছেন তো আরেকদিন তমুক! এভাবেই চলছিল। এরমধ্যে কার্যনির্বাহী কমিটির 'লো প্রোফাইল' সদস্য কবীর আহমেদ ভূইয়া পদত্যাগ করলেও বড় পদে থাকা কেউ করছেন কিনা তা নিয়েই ছিল কৌতুহল। আর কৌতুহলের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিসিবির সহ-সভাপতি এবং ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান গাজী গোলাম দস্তগীর। গত কয়েকদিন ধরেই তার পদত্যাগের গুঞ্জন শোনা গেলেও বৃহষ্পতিবার সকালে তিনি সত্যি সত্যিই পদত্যাগ করেছেন। যদিও এব্যাপারে তার সঙ্গে বারবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে। কারণ প্রতিবারই তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। তবে বিসিবি সভাপতি বরাবর লেখা তার পদত্যাগপত্র বৃহস্পতিবার বিকেলের মধ্যেই ফ্যাক্স মারফত পৌছে গেছে ঢাকার অনেক সংবাদপত্র অফিসে। এবং ওই চিঠিতে বিসিবির 'রিসিভড সিল'ও আছে। অবশ্য গাজী গোলাম দস্তগীরের পদত্যাগপত্র এখনো তার হাতে পৌছেনি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি এম আব্দুল আজিজ। বৃহষ্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,"আমি এখন একটা সেমিনারে আছি। গাজী সাহেব পদত্যাগ করেছেন কিনা সেটাই তো আমি জানি না। চিঠি আমার হাতে আসা তো আরো পরের ব্যাপার। আর তিনি যদি পদত্যাগ করেই থাকেন, তাহলে তো সেটা আমার গ্রহণ করতেই হবে। আমি দেখবো বিষয়টা।"
বিসিবির কার্যক্রমে নানা অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেই তার এই পদত্যাগ বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক। দুর্নীতি এবং অনিয়মের বেশ কিছু ফিরিস্তিও আছে তাতে,"জবাবদিহিতামূলক বোর্ড পরিচালনায় ব্যর্থ হয়েছে বিসিবির নির্বাচিত কার্যনির্বাহী কমিটি। যোগ্যদের মূল্যায়নের পরিবর্তে ক্রিকেট বোর্ডকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করা হয়েছে। বোর্ড সভায় অনিয়মের প্রতিবাদ করে ওয়াক আউট পর্যন্ত করেছি। রাজনৈতিক কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ক্রিকেটকে নির্বাসনে পাঠানোর বিরুদ্ধে দাঁড়িয়ে স্টেডিয়াম চত্ত্বরে মানববন্ধন এবং প্রতীক অনশন কর্মসূচীও পালন করেছি বোর্ডের সহ-সভাপতি হিসেবে। ২০০৬ সালের ১৬ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেস্ট চলাকালে ক্রীড়া সাংবাদিকদের ওপর পুলিশী হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছি। ওই নিন্দনীয় ঘটনার নিন্দা না জানানোয় বিসিবির সাবেক সভাপতি এবং প্রভাবশালী সদস্যদের পদত্যাগ দাবি করে বোর্ড সভায় বক্তব্য রেখেছি। নিম্বাসের সঙ্গে টিভি স্বত্ত্ব বিক্রির চুক্তি সম্পর্কে বিস্তারিত জানার অধিকার আমার আছে। কিন্তু বিসিবির মুষ্টিমেয় কর্মকর্তা ছাড়া আমি এবং অধিকাংশ কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে অবহিত নই। চুক্তি সম্পাদনের আগে মিডিয়ার নানা সমালোচনায় এই অস্বচ্ছ প্রক্রিয়া বন্ধ রাখার আবেদন জানিয়েছিলাম। কিন্তু বোর্ড সভায় আমার ন্যায়সঙ্গত দাবি উপেক্ষা করা হয়েছে। কারো পরোক্ষ এবং প্রত্যক্ষ হস্তক্ষেপ ও অদৃশ্য ইশারায় ছায়াশক্তিকে খুশী করতে উল্লেখযোগ্যসংখ্যক বোর্ড কর্মকর্তা অনিয়মের মাধ্যমে বোর্ড পরিচালনা করেছে।" বিসিবির দুর্নীতির তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি,"অনিয়ম এবং দুর্নীতিতে যারা জড়িত তাদের অনিয়ম খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। একজন ক্রীড়া সংগঠক হিসেবে দুর্নীতি, অনিয়ম এবং স্বজনপ্রীতিতে ছেয়ে যাওয়া বোর্ডে কাজ করা অসম্ভব বলে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এসবি/২০৪৫ঘ.
bdnews24