করাচি, ১৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---সরাসরি 'না' করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সামনে ব্যস্ত এক ক্রিকেট মৌসুম অপেক্ষায়। তাই বব উলমার একাডেমির জন্য একটি তহবিল সংগ্রহের ম্যাচ খেলতে পারছে না বলে জানিয়ে দিয়েছে তারা। কেপ টাউনে বব উলমার একাডেমির জন্য টুয়েন্টি টুয়েন্টি ম্যাচটির জন্য তাদের অনুরোধ করেছিলেন পাকিস্তানের সাবেক কোচের স্ত্রী জিল।
গত বিশ্বকাপ চলার সময় মারা যান উলমার। তার আজীবন স্বপ্ন ছিল নিজের নামে একটি ক্রিকেট একাডেমি করার। জিল সেটিই বাস্তবায়নের জন্য চিঠি দিয়েছিলেন পাকিস্তান ও ভারতের ক্রিকেট বোর্ডকে। কিন্তু বৃহস্পতিবার পিসিবির মুখপাত্র এহসান মালিক এক বিবৃতিতে বলেছেন, "ভারতের বিপক্ষে একাডেমির জন্য একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলার অনুরোধ জানিয়ে তার চিঠি পেয়েছি আমরা। কিন্তু অদূর ভবিষ্যতে সে সম্ভাবনা আমরা দেখছি না। তিনি আগস্টে ইংল্যান্ডের বিপক্ষেও একটি ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ড দলও ব্যস্ত, তাদের অন্য খেলা আছে।" মালিক জানিয়েছেন দু'দলের আটসাঁট ক্রিকেট সূচী ও নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তানের ভারত সফর চূড়ান্ত হয়ে যাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
তবে পিসিবি জানিয়েছে তারা অন্যভাবে সাহায্য করতে রাজী আছে। এ জন্য জিল উলমারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে তারা। লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমির প্র্যাকটিস এলাকা বব উলমারের নামে রেখেছে পাকিস্তান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪১৫ঘ.
bdnews24