ঢাকা, ১৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মোহাম্মদ আশরাফুল আগের দিন জানিয়েছিলেন,"ওয়ানডে সিরিজে টিম কম্বিনেশনের কথা মাথায় রেখেই আমরা প্র্যাকটিস ম্যাচের দল সাজাবো।" বুধবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড নির্বাচিত একাদশের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত ১২ জনের দল থেকে তাই ২০ জুলাই প্রথম ওয়ানডের বাংলাদেশ দল সম্পর্কেও একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাচ্ছে। ১২ জনের দলে নেই জাভেদ ওমর, শাহাদাত হোসেন রাজীব এবং মেহরাব হোসেন জুনিয়র। অর্থাৎ ওপেনিংয়ে নামছেন শাহরিয়ার নাফীস এবং তামিম ইকবালই। এদের কেউ চরমভাবে ব্যর্থ না হলে ওয়ানডে সিরিজে জাভেদ কিংবা মেহরাবদের জন্য কোনো 'লাইফলাইন' নেই।
অথচ শ্রীলঙ্কা থেকে হাবিবুল বাশার, খালেদ মাসুদ, রাজিন সালেহ এবং মোহাম্মদ শরীফদের সঙ্গে মঙ্গলবার দেশে ফিরে আসারই কথা ছিল শাহরিয়ার নাফীসের। দেশে ফিরে আগস্টে প্রথম সন্তানের বাবা হতে যাওয়া নাফীস স্ত্রীকে সময় দেওয়ার মানসিক প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন। কিন্তু ক্যান্ডিতে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করার পর পরই টিম ম্যানেজমেন্টের দাবির মুখে ওয়ানডে স্কোয়াডে এই ওপেনারকে রেখে দিতে বাধ্য হন নির্বাচকরা।
বুধবারের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড নির্বাচিত একাদশ হলেও আসলে এর মোড়কে খেলবেন সেদেশের একাডেমি দলের ক্রিকেটাররা। আর ১২ জনের দল ঘোষণার কারণ দ্বাদশ ব্যক্তি ব্যাটিং কিংবা বোলিংয়ের যে কোনো একটা করতে পারবেন এই শর্তে রাজি হয়েছে দু দলই । ম্যাচটার ভেন্যু নিয়ে মঙ্গলবার পর্যন্তও অবশ্য অনিশ্চয়তা ছিল। নন ডেসক্রিপ্ট ক্রিকেট ক্লাব মাঠে হওয়ার কথা থাকলেও ম্যাচটা সরিয়ে নেওয়া হয় কলম্বো কোল্টস মাঠে। সেখানেও হতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে পড়েছেন খোদ বাংলাদেশ দলের সদস্যরাই। কেননা মঙ্গলবার ম্যাক্স ক্রিকেট একাডেমিতে নেট প্র্যাকটিস সেরে প্র্যাকটিস ভেন্যু পরিদর্শনে গিয়েই হোঁচট খেয়েছেন তারা। উইকেট যে একেবারেই প্রস্তত নয় পরের দিনের ম্যাচের জন্য!
১২ জনের দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), শাহরিয়ার নাফীস, তামিম ইকবাল, তুষার ইমরান, সাকিব আল হাসান, আফতাব আহমেদ, মুশফিকুর রহিম, ফরহাদ রেজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক এবং সৈয়দ রাসেল।
তথ্যসূত্র : টাইগার ক্রিকেট ডটকম
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৫০ঘ.
bdnews24