করাচি, ১৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সান্ত্বনা পেতে পারেন ডেভ হোয়াটমোর। তাকে টপকে আরেক অস্ট্রেলিয়ান জিওফ লসনের পাকিস্তানের কোচ হয়ে যাওয়াটা ভালো ভাবে নেয়নি সে দেশের সাবেক ক্রিকেটাররা। তালিকায় আছেন জাভেদ মিয়াঁদাদ, ইন্তিখাব আলম ও জহির আব্বাসের মতো গ্রেটরা। তিনজনই একমত হোয়াটমোর বরং লসনের চেয়ে প্রার্থী হিসেবে অনেক যোগ্য ছিলেন । সোমবার পিসিবি লসনকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে। গত বিশ্বকাপের সময় মারা যাওয়া বব উলমারের জায়গা নিয়েছেন তিনি।
জাভেদ মিয়াঁদাদ তিন দফা দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের কোচ হিসেবে। তার দাবি বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্তটাই ক্রিকেট বোর্ডের ভুল সিদ্ধান্ত। তিনি বলেছেন, "একজন পাকিস্তানীর দেশপ্রেম একজন বিদেশির মাঝে কিভাবে আশা করবেন আপনি? দেশে যোগ্য লোক থাকতে বিদেশিদের শরণ নিয়ে মানুষকে ভুল বার্তা দেওয়া হলো। এতে আমাদের তরুণরা মনে করবে হানিফ মোহাম্মদ, ইন্তিখাব আলম এবং অন্য অনেকের চেয়ে বিদেশিরাই গুরুত্বপূর্ণ পদগুলোর জন্য বেশি যোগ্য।" এবং হোয়াটমোরের বদলে লসনকে নিয়োগ দেওয়ার তীব্র সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেটের 'বড়ে মিয়া'। তার মতে, "আমার বিশ্বাস মাথা খাটিয়ে সিদ্ধান্তটা নেওয়া হয়নি। কারণ ডেভ হোয়াটমোর আন্তর্জাতিক ক্রিকেট পর্যায়ে অনেক বেশি অভিজ্ঞ। শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দলগুলোকে কোচিং করানোর অভিজ্ঞতা তাকে অনেক এগিয়ে রেখেছে।" মিয়াঁদাদের দাবি অতীতে পাকিস্তানী কোচরাই দলের বেশিরভাগ সাফল্যগুলোর পেছনে ছিলেন। সে তুলনায় বিদেশিরা খুব একটা সফল নন।
১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তানের কোচ কাম ম্যানেজার ছিলেন ইন্তিখাব আলম। তার মনোভাবও মিয়াঁদাদের মতোই, "হোয়াটমোর ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করেছেন। বাংলাদেশও যথেষ্ট উন্নতি করেছে তার অধীনে।" লসনের জন্য কঠিন সময় অপেক্ষা করছে জানিয়ে ইন্তিখাব বলেছেন, "ওর সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, তবে প্রচুর সমালোচনা এবং কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে ওকে।"
সোমবার পিসিবি আনুষ্ঠানিক ঘোষণা দিলেও লসনের নিয়োগের খবর আগেই পেয়ে গেছে মিডিয়া। এবং সংবাদ মাধ্যম লসনকেই উল্লেখ করেছে সূত্র হিসেবে। নতুন কোচের এই ব্যাপারটা পছন্দ হয়নি সাবেক গ্রেট ও পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্বে থাকা জহির আব্বাসের, "বোর্ড যদি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আর লোক দেখানো বৈঠকের কি দরকার ছিল? আমি উলমারের সঙ্গে কাজ করেছি, শুধু এটুকুই বলব যে আমাদের স্থানীয় খেলোয়াড়রাও কোচ হিসেবে একই রকম ভালো।"
সাবেকরা নিন্দামুখর হলেও খোদ পাকিস্তান দলে চলছে লসন-বন্দনা। অধিনায়ক শোয়েব মালিক জানিয়েছেন লসনকে কোচ করে পিসিবি ঠিক সিদ্ধান্তটাই নিয়েছে, "সিদ্ধান্তটা ইতিবাচক এবং খেলোয়াড়দের উপকারে আসবে। আর লসনের দক্ষতার কথা আসলে বলব উনি একই সঙ্গে বোলার এবং ব্যাটসম্যানদের নিয়ে কাজ করতে পারবেন। এই পর্যায়ে এসে ব্যাটসম্যানদের মৌলিক বিষয়গুলোর কোচিংয়ের প্রয়োজন পড়ে না, তাদের শুধু স্কিল শানাতে হয়।" একমত ম্যানেজার তালাত আলীও,"সিদ্ধান্তটা সঠিক, লসনের অভিজ্ঞতা দলের অনেক উপকারে আসবে।"
তবে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত শোয়েব আখতার। পাকিস্তানের এই ফাস্ট বোলারের মতে লসনই পারবেন তাদেরকে বিশ্ব জয়ী বানাতে। তার সহায়তায় বিশ্বসেরা যে কোনো দলকেই হারাতে পারবে পাকিস্তান- এই বিশ্বাস শোয়েবের। লসন নিজেও ফাস্ট বোলার ছিলেন বলে শোয়েবের বাড়তি আনন্দ, "উনি এমন একজন যিনি বিশ্বাস করেন যে ফাস্ট বোলাররাই ম্যাচ জেতাতে পারে। নিশ্চিতভাবে আমার পারফরম্যান্স অনেক উন্নত হবে তার অধীনে। আর ফাস্ট বোলাররা ভালো খেললে দলই বেশি উপকৃত হয়।"
(ক্রিকইনফোর সহায়তায়)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬৪৩ঘ.
bdnews24