ক্যান্ডি, ১৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- শনিবার উত্তর শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহীরা রীতিমতো লঙ্কাকান্ড বাধিয়েছে। কমপক্ষে ১৬ জন সরকারী সেনা নিহত হয়েছে তাদের হামলায়। একইদিন ক্যান্ডিতে শ্রীলঙ্কাকে বিরল এক সম্মান এনে দিলেন আরেক তামিল। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ৭০০ উইকেটের মাইল ফলক ছুঁলেন মুত্তিয়া মুরালিধরন। ইনিংস ও ১৯৩ রানের ব্যবধানে জেতা এই ম্যাচে ৮৪ রান খরচায় ১২ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নের রেকর্ড ভাঙা থেকে আর ৯ উইকেট দূরে তিনি।
কাকতালীয়ভাবে সেদিন ক্যান্ডিতেই ছিলেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্ষে। মুরালির এই অনন্য অর্জনকে উদযাপন করলেন তিনি অনানুষ্ঠানিক এক নৈশভোজে দু'দলকে আপ্যায়িত করে। একটি ফলকপত্র দিয়ে মুরালিকে সম্মাননা দিয়েছেন লঙ্কার প্রেসিডেন্ট। অভিভূত মুরালি জানিয়েছেন অবসরের আগে হাজার টেস্ট উইকেট শিকারের স্বপ্নের কথা। উপমহাদেশে আয়োজিত হতে যাওয়া ২০১১ সালের বিশ্বকাপ খেলে ক্রিকেট মাঠ ছাড়ার আগেই এই কীর্তি গড়ার স্বপ্ন তার। মুখে বলেছেন সে কথাই, "এটা বড় অর্জন সন্দেহ নেই, কিন্তু আমার লক্ষ্য আরো বেশি কিছু। যেভাবেই হোক জানতাম যে ৭০০ টেস্ট উইকেট পাবো। এখন অবসরের আগে ১ হাজার উইকেট পাওয়াটাই আমার কাছে চ্যালেঞ্জের। আগামী বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার কথা ভাবছি এখন।"
১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়া মুরালি এখন পর্যন্ত খেলেছেন ১১৩ টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে ভয়ঙ্কর এক বোলার হিসেবে নিজেকে গড়ে তুলতে প্রচুর খাটতে হয়েছে বলে জানিয়েছেন, "এত বছর ধরে শীর্ষে থাকতে গেলে প্রচুর ধকল যায়, কিন্তু এখনো উইকেটের জন্য আমার প্রবল খিদে আর এটাই হচ্ছে আসল ব্যাপার।"
৬০০ থেকে ৭০০ উইকেটে পৌঁছতে মাত্র ১২ টেস্ট লেগেছে মুরালির। বিশ্বরেকর্ড গড়তে প্রয়োজনীয় ৯ উইকেট পেতে নভেম্বরে প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে পাচ্ছেন তিনি। দুই টেস্টের সেই সিরিজে ব্যাপারটা খুব সহজ হবে বলেও মনে করেন না মুরালি। পরিসংখ্যান বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার গড় ৬৩- ক্যারিয়ারে সবচেয়ে খারাপ! তবে রেকর্ডের চেয়ে সেখানে জেতাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি, "সেখানকার উইকেট ফাস্ট বোলারদেরই বেশি সাহায্য করে। কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি অস্ট্রেলিয়ায় সিরিজ জেতাকে। এখনও সেটা পেরে উঠিনি আমরা।"
ওয়ার্নের ঘরের দরজায় তার থেকে বিশ্বরেকর্ড কেড়ে নেওয়াতেই থেমে থাকবে না মুরালির আনন্দ। এখানেই দু'দুবার দুই অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারিল হেয়ার (১৯৯৫) ও রস এমারসন (১৯৯৭) তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আইসিসির পরীক্ষায় মুরালি পার পেয়েছেন, কিন্তু সে অপমান ভোলেন কি করে! জ্বলে ওঠার তাগিদ তাই কম নয় তার।
(ওয়েবসাইট অবলম্বনে)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭২৫ঘ
bdnews24