২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্র ৯ রানে আরব আমিরাতের ইনিংস শেষ করে দিল বাংলাদেশের মেয়েরা

মালয়েশিয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত মহিলা ক্রিকেট টুর্নামেন্টে ১০ উইকেটে জিতে বাংলাদেশ শুভ সূচনা তো করেছেই। সেই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতকে রীতিমতো হাস্যাস্পদও বানিয়ে ছেড়েছে তারা। টস হেরে আগে ব্যাট করতে নামা আমিরাতের মেয়েরা যে ৯ ওভারে মাত্র ৯ রান তুলেই অলআউট! ১ দশমিক ২ ওভারেই ওই রান টপকে পাওয়া জয়ে ব্যাটসম্যানদের উল্লেখ করার মতো কিছু থাকার কথা নয়। তবে বাংলাদেশের দুই মিডিয়াম পেসার পান্না ঘোষ এবং শামীমা আক্তারের বোলিং বিশ্লেষণ ছেলেদের ক্রিকেটেও স্বপ্নসম। মূলত অলরাউন্ডার পান্নার বোলিং ফিগারটা এরকম : ৫-১-৬-৫! আর শামীমার বোলিং : ৪-৩-২-৩!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, ১১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মালয়েশিয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত মহিলা ক্রিকেট টুর্নামেন্টে ১০ উইকেটে জিতে বাংলাদেশ শুভ সূচনা তো করেছেই। সেই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতকে রীতিমতো হাস্যাস্পদও বানিয়ে ছেড়েছে তারা। টস হেরে আগে ব্যাট করতে নামা আমিরাতের মেয়েরা যে ৯ ওভারে মাত্র ৯ রান তুলেই অলআউট! ১ দশমিক ২ ওভারেই ওই রান টপকে পাওয়া জয়ে ব্যাটসম্যানদের উল্লেখ করার মতো কিছু থাকার কথা নয়। তবে বাংলাদেশের দুই মিডিয়াম পেসার পান্না ঘোষ এবং শামীমা আক্তারের বোলিং বিশ্লেষণ ছেলেদের ক্রিকেটেও স্বপ্নসম। মূলত অলরাউন্ডার পান্নার বোলিং ফিগারটা এরকম : ৫-১-৬-৫! আর শামীমার বোলিং : ৪-৩-২-৩! অবশ্য ছেলেদের ক্রিকেটেও এমন হাসির খোরাক জোগানো ম্যাচ আছে। এবং সেখানে এমনকি জড়িয়ে আছে বাংলাদেশও। গত বছর এই মালয়েশিয়াতেই এসিসি ট্রফিতে নেপালের বিপক্ষে ৯ রানে অলআউট হয়ে গিয়েছিল মায়ানমার। আর মাত্র ২ বলেই জয় তুলে নিয়েছিল নেপাল। বাংলাদেশের জড়িয়ে থাকার কারণ, মায়ানমারের কোচ ছিলেন নাজমুল আবেদীন ফাহিম। যিনি এখন শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দলের কোচ। মায়ানমারের ওই কীর্তির পর টেস্ট প্লেয়িং দেশ থেকে কোচ নিয়ে সহযোগী সদস্য দেশগুলোকে কোচিং সহায়তা দেওয়ার যে প্রকল্প আছে এসিসির, সেখান থেকে ফাহিমের নামটা কাটা পড়ে যায়। মহিলা ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ, ১৩ জুলাই সিঙ্গাপুরের সঙ্গে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩০ঘ.