ঢাকা, ৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- "জীবন থেকে আরেকটি মূল্যবান বছর হারিয়ে গেল। জন্মদিনকে আমি এভাবেই দেখি"- দার্শনিকসুলভ এই কথাগুলো মোহাম্মদ আশরাফুল বলেছেন শুনলে চমকে যেতে পারেন। চমকানোর কথাই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে দলের যাচ্ছেতাই পারফরম্যান্স কী তাহলে জীবন সম্পর্কে উদাসীই করে তুলেছে বাংলাদেশ অধিনায়ককে? রসিকতা করে ওই কথাগুলো বলেছেন, না জানালে প্রশ্নটা আসতোই,"আরে না, সিরিয়াসলি বলিনি কথাটা।" শনিবার ছিল তার ২৩তম জন্মদিন। দল অবশ্য তাকে সেটি ভালোভাবে উদযাপনের উপলক্ষ এনে দিতে পারেনি। বরং দুই টেস্টের প্রথম ইনিংসেই ব্যাটিং বিভীষিকার স্মৃতি নিয়ে রোববার সকালে ক্যান্ডি গেছে বাংলাদেশ দল। ১১ জুলাই থেকে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট হবে সেখানেই। কলম্বো থেকে ক্যান্ডির দূরত্ব অবশ্য খুব বেশি নয়। বাসে তিন/চার ঘন্টার দূরত্ব। কলম্বোতে বাংলাদেশ দলের ঠিকানা হোটেল তাজ সমূদ্র থেকে আশরাফুলদের নিয়ে বাস ছেড়েছে সকাল সাড়ে নয়টায়। কলম্বোতে দুই টেস্টে এমন বিশাল ব্যবধানে হারার পর পরের টেস্ট অন্য ভেন্যুতে হচ্ছে-এটা বাংলাদেশের জন্য স্বস্তিকরই হওয়ারই কথা।
আর চলতি পথে সতীর্থদের অনুরোধে বাসের ভেতরই হয়তো গান ধরতে হয়েছে ওপেনার মেহরাব হোসেন জুনিয়রকে। ভালো গিটার বাজাতে জানা মেহরাবের গানের কন্ঠও বেশ। বন্ধুদের নিয়ে গড়া একটা ব্যান্ড দলও আছে। রোববার সকালে সতীর্থরা তাকে বাসে গান ধরার অনুরোধ করে থাকলে সেটা তার জন্মদিন উপলক্ষ্যেই। 'টিনএজ' বয়সকে পেছনে ফেলে এদিনই বিশে পা দিয়েছেন মেহরাব। এর মাত্র চারদিন আগে টেস্ট অভিষেক হওয়া এই ওপেনারেরও জন্মদিনটা ভালোভাবে উদযাপন করা হচ্ছে না। কারণ অভিষেকে তেমন কিছু যে করে দেখানো হয়নি! আশরাফুল তবু এই জন্মদিনের আগে করেছেন তার ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। এদিনের কিছুটা সময় তার কেটেছে শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে। কলম্বো কোল্টস মাঠে তারা এখন শ্রীলঙ্কা অনুর্ধ্ব -১৯ দলের সঙ্গে খেলছে তিন দিনের ম্যাচ। যুব দলের ক্রিকেটারদের অনুপ্রেরণাদায়ী কিছু কথাও বলেছেন তিনি। দল ভালো না করলেও এই জন্মদিনকে আশরাফুলের 'বিশেষ' বলেই মনে হয়েছে। কারণটা ব্যাখ্যা করতে গিয়ে স্রষ্টাকেও ধন্যবাদ দিয়েছেন তিনি,"আল্লাহ আমাকে যা দিয়েছেন তার সবকিছুর জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এই জন্মদিনটা আমার কাছে স্পেশাল। কারণ আমি এটা উদযাপন করেছি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে।" ক্যান্ডিতে আশরাফুল ও মেহরাবের জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ দলের ঘরোয়া পরিবেশে একটা পার্টি দেওয়ার কথা।
দল ভালো না করলেও শ্রীলঙ্কাতে বেশ জনপ্রিয় বাংলাদেশ অধিনায়ক। যেখানেই যাচ্ছেন, ছোটো - বড়ো সবার দৃষ্টি কাড়ছেন। সবাই তাকে এক নজর দেখেই চিনছেন। তার সামর্থ্যটাও জানা আছে শ্রীলঙ্কানদের। শ্রীলঙ্কা ক্রিকেটের মিডিয়া ম্যানেজার সামান্থা আলগামা বলছিলেন,"শ্রীলঙ্কানরা আশরাফুলকে ভালোবাসে। ছয় বছর আগে এখানে অভিষেকে সেঞ্চুরি করার পর থেকেই শ্রীলঙ্কানরা তাকে মনে রাখছে।" সামান্থা নিজেও আশরাফুলের গুণমুগ্ধ ভক্ত। কিন্তু বাংলাদেশ দল ক্যান্ডি গেছে শেষ টেস্টটাতে আরো ভালো ব্যাটিং করার প্রত্যাশা নিয়ে। এজন্যই ওয়ানডে সিরিজের দলে থাকা তুষার ইমরানকে আগেই টেস্ট খেলার জন্য উড়িয়ে নেওয়া হয়েছে শ্রীলঙ্কায়। শেষ টেস্টে তুষার খেলছেনই। কিন্তু তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়ছেন কে? রোববার দলের সঙ্গে থাকা নির্বাচক আকরাম খানের সঙ্গে ফোনে কথাও হয়েছে প্রধান নির্বাচক ফারুক আহমেদের। যদিও একাদশ ঠিক করার জন্য আরো সময় আছে বলেই জানাচ্ছেন দেশে থাকা ফারুক,"আমি যখন ফোন করেছিলাম, তখন দল ক্যান্ডির পথে ছিল। ওরা বাসে ছিল। একাদশ চূড়ান্ত করার জন্য আরো কয়টা দিন সময় তো আছেই।" তবে যতোদূর জানা গেছে, শাহরিয়ার নাফীসকে বাদ দিয়ে মেহরাবকে ওপেনিংয়ে উঠিয়ে তুষারকে জায়গা দেওয়ার প্রস্তাবই গেছে ঢাকা থেকে। তবে টিম ম্যানেজমেন্ট বোধহয় ভাবছে ভিন্ন কথা। তারা যতো বেশি সম্ভব ব্যাটসম্যান রাখার পক্ষে। যে কারণে নাফীস টিকেও যেতে পারেন। বোলারের সংখ্যা যতোই হোক, শ্রীলঙ্কা তো চার -পাঁচশো রান ঠিকই করে ফেলছে। তাই বোলার একজন কমানোর পক্ষে টিম ম্যানেজমেন্ট। তাই একাদশ নির্বাচনে তাদের মত গুরুত্ব পেলে কোপটা পড়তে যাচ্ছে দ্বিতীয় টেস্টে তৃতীয় পেসার হিসেবে একাদশে ঢুকে যাওয়া মোহাম্মদ শরীফের ওপর। তাছাড়া এমন কিছু পারফরম্যান্সও তিনি করেননি যে শেষ টেস্টের একাদশে জায়গা ধরে রাখার দাবি করতে পারেন এই পেসার।
তথ্য সহায়তা : টাইগারক্রিকেট ডটকম
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪৫ঘ.
bdnews24