লন্ডন, ৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যে দেশ এক সময় ছিল স্পিনারদের উর্বরভূমি সেই ভারতই এখন স্পিনার সংকটে। ক্রমশ অনুজ্জ্বল হতে হতে আয়ারল্যান্ডে ওয়ানডে এবং ইংল্যান্ড সফরের টেস্ট দলে সুযোগ পাননি হরভজন সিং। অনিল কুম্বলে টেস্ট দলে আছেন ঠিকই, তবে টেস্টে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক বিশ্বকাপ শেষেই বিদায় জানিয়েছেন ওয়ানডেকে। এমনই স্পিনার-সঙ্কটের মাঝে ভারতীয় ক্রিকেটের জন্য এক ঝলক স্বস্তির সুবাতাস পীযূষ চাওলা। বয়স মাত্র ১৮ হলেও লেগস্পিনের ঘুর্ণিতে আয়ারল্যান্ডে সফরে প্রতিপক্ষর জন্য বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। আগামী কিছু দিন যে ভারতের ওয়ানডে দলে তার জায়গা প্রায় নিশ্চিত, এটা এখনই বলে দেয়া যায়। তবে শুধু ওয়ানডে নয়, টেস্টেও প্রথম একাদশে থাকার স্বপ্ন দেখছেন চাওলা। 'টিম ইন্ডিয়া'র সঙ্গে ইংল্যান্ডের মাটিতে পা দেয়ার পর সেই স্বপ্নের কথাও জানালেন দৃঢ়তার সঙ্গে।
ওয়ানডেতে তার অভিষেক মাত্র দু মাস আগে, মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে। এবং ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৩৭ রানে তিন উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। কাকতালীয়ভাবে পরের দুটো ম্যাচেও তার শিকার তিনটি করে উইকেট! গত ২৩ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের সঙ্গে ২৯ রানে তিন উইকেট নিয়ে সহজ জয় এনে দিয়েছিলেন দলকে। তবে তিন দিন পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিউচার কাপের প্রথম ম্যাচে চাওলার ৪৭ রানে নেয়া তিন উইকেটের কৃতিত্বকে ফিকে করে দিয়ে দলকে দারুণ এক জয় এনে দেন জ্যাক ক্যালিস। পরের দুই ম্যাচে অবশ্য কোনো উইকেট পাননি। কিন্তু সব মিলিয়ে নিজের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। আর সেই সন্তুষ্টি থেকে তার চোখে এখন দু ধরনের ক্রিকেটেই নিয়মিত সুযোগ পাওয়ার স্বপ্ন,"আমার ধারণা (কুম্বলের অবসরের কারণে) ওয়ানডেতে অনেক বেশি ম্যাচ খেলতে পারবো। তবে আমার লক্ষ্য দুটো দলেই (টেস্ট ও ওয়ানডে) নিয়মিত জায়গা করে নেয়া।" এখন পর্যন্ত ৫টি ওয়ানডে খেললেও একটির বেশি টেস্ট খেলার সুযোগ পাননি। গত বছরের মার্চে মোহালিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ৯ উইকেটে জেতা সেই ম্যাচে মাত্র একটাই উইকেট পেয়েছিলেন চাওলা। সেটা অবশ্য 'বিগ' উইকেট
bdnews24