ঢাকা, ৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- হাবিবুল বাশারের কাছে মোহাম্মদ আশরাফুল কোনো কৃতিত্ব দাবি করেছেন কিনা কে জানে! তবে পরিসংখ্যানগত বিবেচনা বাংলাদেশের সফলতম অধিনায়কের চেয়ে এগিয়ে রাখছে বর্তমান অধিনায়ককেই। কিভাবে? ২০০৪ সালের ফেব্র"য়ারিতে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে 'পেয়ার' দিয়ে শুরু হওয়া নেতৃত্বের ইনিংসের প্রথম এবং একমাত্র টেস্ট সেঞ্চুরিটা হাবিবুল পেয়েছিলেন তার তৃতীয় টেস্টে। সেখানে মোহাম্মদ আশরাফুল তার নেতৃত্বের দ্বিতীয় টেস্টেই পেয়ে গেলেন প্রথম সেঞ্চুরি। সঙ্গে সঙ্গেই অধিনায়কত্ব তার ব্যাটিং সামর্থ্যে আঁচড় কাটতে পারে বলে বাতাসে উড়ে চলা সংশয়টা আপাতত শেষ। তবে সেইসব সন্দেহবাদীদের দলে কখনোই ছিলেন না বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম কিংবা 'আশরাফূলের গুরু' হিসেবেই এদেশে বেশি পরিচিতি পেয়ে যাওয়া ওয়াহিদুল গণি। সংশয়টা খারিজ করে দেওয়ায় আশরাফুলের যে কৃতিত্ব, তাতে তাই ভাগ বসাতে পারেন ওই দুজনও! দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানকে দেখার অভিজ্ঞতায় তাদের অনুমানই যে এখন সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্যতা পাচ্ছে।
একটু পেছন ফিরে তাকিয়ে আশরাফুলের দায়িত্বশীলতার একটা অন্য নমুনাও তুলে আনতে চাইছেন আমিনুল,"মিরপুর টেস্টে ভারতের বিপক্ষে আশরাফুলের ৬৭ রানের ঝড়ো ইনিংসটার কথা কারোরই ভুলে যাওয়া উচিত নয় (তখন আশরাফুল হাবিবুলের ডেপুটি)। এর ঠিক পরের টেস্টেই শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ইনিংসটা ৩৭ রানের (১৩১ বলে) হলেও খুবই দায়িত্ব নিয়ে খেলছিল। এরপরই আবার এই টেস্টে ১২৯ নটআউট। ও কিন্তু ঘনঘন ভালো ইনিংস খেলতে শুরু করে দিয়েছে।" শেষ তিনটি টেস্টেই কোনো না কোনোভাবে দলীয় দায়িত্ব কাঁধে ছিল তার। আর ওই ভার সামলেই বাংলাদেশের সর্বশেষ তিনটি টেস্টের দ্বিতীয় ইনিংসে আশরাফুলের ব্যাট থেকে এসেছে - ৬৭, ৩৭ এবং অপরাজিত ১২৯ রানের ইনিংস। বাংলাদেশ অধিনায়কের টেস্ট পরিসংখ্যানে চোখ বুলিয়ে দেখা যাচ্ছে, পরপর তিন টেস্টে এমন কয়েকটা ইনিংস খেলার নজির আর একটাও নেই। তাই প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে চতুর্থ টেস্ট সেঞ্চুরি করার পর পরিসংখ্যানও তার ঝাঁপি খুলে আমিনুল - ওয়াহিদুলদের পাশে গিয়ে দাড়াচ্ছে।
আমিনুলও এখন আরো সদর্পে ঘোষণা করতে পারছেন, "আমি প্রথম থেকেই বলে আসছিলাম, আশরাফুল হবে পারফরমার অধিনায়ক। কারণ বয়সের অনুপাতে মানসিকভাবে ও অনেক শক্ত।" শৈশব থেকেই তাকে দেখে আসা আশরাফুলের মানসিক কাঠিন্য আরো বেশি জানেন ওয়াহিদুল। কিন্তু লাইভ স
bdnews24