ঢাকা, ৩০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- "গত বছর একটা ভাড়া বাসা থেকে আমাদের এই একাডেমির কার্যক্রম শুরু হয়েছিল। আমরা স্বপ্ন দেখেছিলাম একটা স্বয়ংসম্পূর্ণ ক্রিকেট একাডেমি গড়ার"--- গ্রামীনফোন-বিসিবি ক্রিকেট একাডেমির এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে শনিবার বলছিলেন বিসিবির সাধারণ সম্পাদক মাহবুব আনাম। এই এক বছরে স্বপ্ন পূরণের পথে অনেকটাই এগিয়ে গেছে একাডেমিটি। স্পনসর হিসেবে পেয়েছে দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন সংস্থা গ্রামীনফোনকে। যারা পাঁচ বছরে একাডেমির জন্য ব্যয় করবে সাড়ে সাত লাখ মার্কিন ডলার (বছরে দেড় লাখ ডলার করে)।
মিরপুরের হোম অব ক্রিকেটে একাডেমির একটি নিজস্ব ভবনও তৈরি হওয়ার অপেক্ষায়। মাহবুব জানাচ্ছিলেন,"দেড় থেকে দু বছরের মধ্যেই ভবনটা হয়ে যাবে।" হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক ১ জুলাই থেকে আগামী এক বছরের জন্য ২০ জনের একাডেমি স্কোয়াডও ঘোষণা করেছেন। সংখ্যাটা ২৬ জনের হওয়ার কথা থাকলেও ২০ জনে নামিয়ে আনার ব্যাখ্যায় তিনি বলেছেন,"আমরা প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়ানোর জন্যই এটা করেছি। আর ২০ জনে থাকা মানেই সারা বছর একাডেমি স্কোয়াডে থাকার নিশ্চয়তা নয়। আমরা তিন মাস পর পর মূল্যায়ন করতে বসবো। যদি দেখি কারো সিরিয়াসনেসে ঘাটতি আছে কিংবা উন্নতি করছে না, তাহলে আমরা তাকে বাদ দিয়ে অন্য কাউকে ২০ জনে আনবো।"
একাডেমী স্কোয়াড : জহিরুল ইসলাম অমি, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান, মার্শাল আইয়ুব, নাদীফ চৌধুরী, নাজিমউদ্দিন, গাজী সালাউদ্দিন, ডলার মাহমুদ, জিয়াউর রহমান, মাহবুবুল আলম রবিন, মাহমুদুল্লাহ রিয়াদ, তালহা জুবায়ের, সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম, নাসিরুদ্দিন ফারুক, মোশাররফ হোসেন রুবেল, নাবিল সামাদ, সগীর হোসেন পাভেল এবং ধীমান ঘোষ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২৩৫০ ঘ.
bdnews24