ঢাকা, ৩০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় অংশ নিয়ে শনিবার সকালেই দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী মাহমুদুর রহমান। এরপর দুপুরেই হাজিরা দিতে হয়েছে বিসিবির বাজেট অনুমোদন সভায়। তারই এক ফাঁকে এসে জানিয়ে গেলেন,"ঘুমে চোখ বুজে আসছে। আজ সকালেই ফিরলাম।" লর্ডসের ওই সভায় বিসিবির সাধারণ সম্পাদকেরই যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে না পারায় তার জায়গায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মাহমুদ । তবে একটা খবর দিতে গিয়ে তার ক্লান্তি মুছে যাচ্ছিল। খবরটা হচ্ছে, এই প্রথমবারের মতো বাংলাদেশে বসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বোর্ড মিটিং। ঢাকায় সেই মিটিং হবে ২০০৮ সালের মার্চ মাসে।
এর আগে অবশ্য আইসিসির আরো একটা বড় সভাও হয়েছে বাংলাদেশে। তবে সেটা ছিল আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর প্রধান নির্বাহীদের সভা। ২০০৪ সালে ঢাকায় হয়েছিল 'সিইসি মিটিং' বলে পরিচিত ওই সভাটি। কিন্তু বোর্ড মিটিংয়ের আবেদন যে পুরো ভিন্ন, সেটা মাহমুদ বোঝানোর চেষ্টা করছিলেন এভাবে,"এর আগে কখনোই আইসিসির বোর্ড মিটিং বাংলাদেশে হয়নি। তাই এটা আমাদের জন্য বিরাট একটা ঘটনা। ওই সভায় যোগ দিতে আসবেন সবগুলো পূর্ণ সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টরা।" আইসিসির সর্ভশেষ দুটো বোর্ড মিটিং হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৪৫ ঘ.
bdnews24