করাচি, ২৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রায় দেড় বছর আগে সর্বশেষ ম্যাচটা খেলেছিলেন তিনি। এই দীর্ঘ সময় শুধু ইনজুরিই নয়, ড্রাগ টেস্টে পজিটিভ হওয়াও খেলতে দেয়নি শোয়েব আখতারকে। সে সব দুঃস্বপ্ন পেছনে ফেলে স্কটল্যান্ড সফরে দলে ফিরে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' জানালেন তার নতুন লক্ষ্যের কথা। এ বছরের শেষের দিকে ও আগামী বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি গুরুত্বপূর্ণ সিরিজে দারুণ কিছু করে দেখাতে চান তিনি। সেই প্রত্যয় নিয়েই বুধবার দলের সঙ্গে স্কটল্যান্ডে উড়ে গেছেন বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার।
স্কটল্যান্ডে মাত্র দুটো ম্যাচ খেলবে পাকিস্তান। আগামী রোববার স্বাগতিকদের মুখোমুখি হওয়ার দু দিন পর তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। তবে এই দুটো ম্যাচ নয়, শোয়েবের মনপ্রাণ জুড়ে এখনই ঐ তিনটি সিরিজ। যদিও মেনে নিচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন বাইরে থাকার পর ফিরে এসে ভালো কিছু করাটা কঠিণ একটা ব্যাপারই,"ফিটনেস সমস্যার জন্য দীর্ঘ সময় বাইরে কাটিয়ে ভালভাবে ফিরে আসা কখনোই সহজ নয়। কিন্তু পুরো ক্যারিয়ারের মধ্যে এখনই সবচেয়ে ভাল বোধ করছি আমি। বুঝতে পারছি নতুনভাবে শুরু করার এটাই সেরা সুযোগ। এবং সম্মানের সঙ্গে খেলোয়াড়ি জীবন শেষ করারও এটা দারুণ এক সুযোগ।"
১৬৯টি টেস্ট ও ২০৮টি ওয়ানডে উইকেটের মালিক এর পর জানিয়েছেন তার আসল লক্ষ্যের কথা,"পাকিস্তানের জন্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম। বিশ্বের সেরা তিনটি দলের সঙ্গে খেলতে যাচ্ছি আমরা। আমি চাই সবগুলো সিরিজের সঙ্গে ভালভাবে যুক্ত থাকতে। পারফরম্যান্স দিয়েই সবার মন জয় করতে চাই। আমি তো মনে করি প্রতিপক্ষ হিসাবে এই তিনটি দলের চেয়ে ভাল আর কেউ হতে পারে না।"
আগামী অক্টোবরে এই তিন ভাল দলের একটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘরের মাঠে দুই টেস্ট ও পাঁচ ওয়ানডের সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের কঠিন মিশন। এর পর তারা যাবে ভারতে, তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে। দেশে ফিরেই ২০০৮এর শুরুতে তাদের প্রতিপক্ষ বিশ্ব বিজয়ী অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮০০ঘ.
bdnews24