ঢাকা, ২৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আকিব জাভেদ মনে করেন, শুধু ফাস্ট বোলার নয়, একটা দলকে টেস্ট অঙ্গনে শক্তিশালী দল হতে লাগেব মানসম্পন্ন লেগ স্পিনার। তা লেগ স্পিনার দরকার হলেও তাদের বিষয়ে তো তার করার কিছু নেই, তার করার আছে ফাস্ট বোলার বিষয়ে, মঙ্গলবার সেটাই করলেন তিনি। গ্রামীণফোন পেসার হান্ট কর্মসূচী থেকে বেরিয়ে আসা ১৪ জন পেসারের কার্যকারিতা বাড়ানোর নানান কৌশল শেখালেন তিনি বিকেএসপিতে।
'বাংলাদেশের প্রয়োজন মানসম্পন্ন ফাস্ট বোলার এবং লেগ স্পিনার। বিভিন্ন কন্ডিশনে টেস্ট জেতার জন্য প্রয়োজনীয় ২০ উইকেট নিতে হলে ফাস্ট বোলার যেমন দরকার, তেমনি দরকার স্পিনারও।' ৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য আকিব জাভেদ এভাবেই ব্যখ্যা করলেন তার দর্শনটা। তারপর প্রতিভা অন্বেষন সম্পর্কেও জানালেন নিজের মতামত,'তোমাদের ৬ টা বিভাগ আছে। প্রতিটা বিভাগের জন্য আলাদা একাডেমি দরকার এবং প্রতিটি বিভাগের আলাদা প্রতিভা অন্বেষন কর্মসূচী। প্রতিভাবানদের বের করে তাদেরকে ২-৩ মাস অনুশীলন করিয়ে তারপর তাদের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। এরপর তাদেরকে নিয়ে আসতে হবে জাতীয় একাডেমিতে। আসলে মুল কথাটা হলো শুরু করতে হবে একেবারে তৃণমুল পর্যায় থেকে।'
পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির কোচিংয়ের দায়িত্বে থাকা আকিব বিশ্বাস করেন উন্নতির জন্য খেলার পরিবেশ এবং কন্ডিশন বদলটাও জরুরী। জরুরী বাউন্সি উইকেট বানানো এবং ফাস্ট বোলারদের জন্য উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি,'পরিবেশ এবং মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ। বাউন্সি উইকেট বানাতে হবে এবং কয়েকজন বিদেশী ফাস্ট বোলারকে বাংলাদেশের প্রথম শ্রেণীর প্রতিযোগিতায় নিয়ে আসা যেতে পারে। আমার কাছে তো মনে হয় এটা খুবই সহায়ক হবে।' সামনে থাকা রোল মডেলও ফাস্ট বোলার তৈরির জন্য একটা প্রভাবক বলে মনে করেন আকিব। নিজ দেশ পাকিস্তানই সেক্ষেত্রে তার উদাহরন,'পাকিস্তান রাস্তায় যে ছেলেটা বল করছে সে-ও বিশ্বাস করে যে তারাও একদিন শোয়েব, ওয়াকার কিংবা ইমরান হতে পারে। অতীতের এসব কীর্তিমানরা তাদের কাছে সবসময়ই বড় প্রেরণা।'
নিজে যদিও দুরন্ত গতির বোলার ছিলেন না, তবু আকিব বিশ্বাস করেন ফাস্ট বোলারের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে তার গতি,'আমার মনে হয় তখনই একজন ফাস্ট বোলার ভয়ংকর হতে পারবে যখন তার গতি হবে ৮৪-৮৫ মাইল। ৮০ মাইলের নীচের গতি দিয়ে কিছুই করা সম্ভব না। এখন এখানে যারা আছে আমি চাইছি তাদের গতিটা দুই থেকে ৫ মাইল বাড়াতে। সে লক্ষ্যেই কাজ করছি আমি।'
কিন্তু এসব কাজ মাত্র দুই তিন দিনে হওয়ার নয়। বৃহস্পতিবারই চলে যাচ্ছেন তিনি। কাজেই এরপর কী হবে! আকিব জানালেন, তিনি চাইবেন স্থানীয় কোচদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে, যাতে তারা তার পরামর্শমতো এসব পেসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে পারেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/২১২০ঘ.
bdnews24