করাচি, ২৫ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জল্পনাটা চলছিল গত কয়েক দিন ধরে। সেই জল্পনাকে সত্যি প্রমাণিত করে ডেভ হোয়াটমোরই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী কোচ। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বাংলাদেশের সাবেক কোচকে জাতীয় দলের দায়িত্ব দেয়ার ব্যাপার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে তেমনই দাবি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই'র।
গত সপ্তাহে হোয়াটমোর ছাড়াও অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার জিওফ লসন এবং আইসিসি'র হাই-পারফরম্যান্স ম্যানেজার রিচার্ড ডান (তিনিও অস্ট্রেলীয়) সাক্ষাতকার দিয়েছিলেন পিসিবি'র কোচ অন্বেষণ কমিটির কাছে। অন্য দু জনের চেয়ে হোয়াটমোরের সঙ্গে কথা বলে সবচেয়ে বেশি সন্তুষ্ট হওয়ার জন্যই সিদ্ধান্তটা নিতে দেরি করেনি পিসিবি। তাছাড়া এই উপমহাদেশে দীর্ঘ দিন কাজ করার অভিজ্ঞতা ও ক্রিকেটারদের পরিচালনা করার দক্ষতা হোয়াটমোরের প্রতি আগ্রহী করে তুলেছে পাকিস্তানকে। পিসিবি'র একটি উর্ধ্বতন সূত্র জানিয়েছে,"(হোয়াটমোরকে কোচ করার) নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। হোয়াটমোরের সঙ্গে চুক্তি নিয়ে পুক্সক্ষানুপুক্সক্ষ আলোচনাও হয়েছে। তবে চূড়ান্ত বিষয়গুলো নিয়ে কথাবার্তা চলছে। সাবেক কোচ প্রয়াত বব উলমারের চেয়ে বেশি বেতন পাওয়ার আশা করছেন তিনি।"
সাক্ষাতকার দেয়ার পর পরই উলমারের উত্তরসূরী হওয়ার আশাবাদের কথা শুনিয়েছিলেন হোয়াটমোর নিজেও। অ্যাবোটাবাদে সামরিক কায়দায় কঠোর অনুশীলনে ব্যস্ত থাকা পাকিস্তান দলের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন। সেখানে ক্রিকেটারদের ইতিবাচক মানসিকতা দেখে দারুন মুগ্ধ শ্রীলঙ্কার '৯৬ বিশ্বকাপ জয়ী দলের কোচ,"তারা এখন আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত ও ইতিবাচক। বিশ্বকাপের হতাশাকে পেছনে ফেলে তারা ভাল কিছু করতে উদগ্রীব।" এবং হোয়াটমোরের দৃঢ় বিশ্বাস শোয়েব মালিকের নেতৃত্বে পাকিস্তানের এই দলটার পক্ষে ভাল খেলা সম্ভব,"আমার ধারণা অধিনায়কত্বে পরিবর্তন এনে একজন তরুণের ওপরে দায়িত্ব দেয়া এই দলে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে সক্ষম।"
পিটিআই--- এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/ ১৯৫৫ঘ.
bdnews24