২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছেন না জয়াবর্ধনে

বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা সফর মানেই যেন এক বিভীষিকা! এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ যে পাঁচটি টেস্ট খেলেছে তার সবগুলোতেই তাদেরকে হার মানতে হয়েছে বিশাল ব্যবধানে। পাঁচটির মধ্যে চারটিতেই তারা পরাজয়ের লজ্জায় ডুবেছে ইনিংস ব্যবধানে। অন্যটাতেও কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, সে ম্যাচে শ্রীলঙ্কানরা জিতেছিল ২৮৮ রানে। তবে এ সব পরিসংখ্যানকে মোটেও পাত্তা দিতে রাজি নন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার অধিনায়ক বরং সোমবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে কঠিন প্রতিপক্ষ বলেই মনে করছেন বাংলাদেশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

কলম্বো, ২৩ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা সফর মানেই যেন এক বিভীষিকা! এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ যে পাঁচটি টেস্ট খেলেছে তার সবগুলোতেই তাদেরকে হার মানতে হয়েছে বিশাল ব্যবধানে। পাঁচটির মধ্যে চারটিতেই তারা পরাজয়ের লজ্জায় ডুবেছে ইনিংস ব্যবধানে। অন্যটাতেও কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, সে ম্যাচে শ্রীলঙ্কানরা জিতেছিল ২৮৮ রানে। তবে এ সব পরিসংখ্যানকে মোটেও পাত্তা দিতে রাজি নন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার অধিনায়ক বরং সোমবার থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে কঠিন প্রতিপক্ষ বলেই মনে করছেন বাংলাদেশকে। "বাংলাদেশ দারুণ উন্নতি করেছে। তাদেরকে আমরা হালকা ভাবে নিতে পারি না। তাদের কাছ থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতাই আশা করছি আমরা। (ওদের বিপক্ষে) আমাদের অবশ্যই কঠিন ও শৃঙ্খলাপূর্ণ ক্রিকেট খেলতে হবে"--- বাংলাদেশ সম্পর্কে সতীর্থদের যেন সতর্কই করে দিলেন জয়াবর্ধনে। তার পর জানালেন এই সিরিজের প্রস্তুতির জন্য কতটা কঠোর পরিশ্রম করেছেন তারা,"বাংলাদেশের সঙ্গে সিরিজের প্রস্তুতি দারুণ পরিশ্রমের মাধ্যমে আমরা করেছি। আমরা ভাল মতোই জানি সফল হতে হলে যে ধরনের ক্রিকেট খেলে থাকি সেটাই খেলতে হবে আমাদের।" সেই লক্ষ্যের পথে চলা শুরু করার আগে বড় এক ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কানরা। টেস্ট সিরিজে সনাৎ জয়াসুরিয়াকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছিল তারা। কিন্তু ব্যক্তিগত কারণে মারভান আতাপাত্তুর সরে দাঁড়ানো কিংবা উপুল থারাঙ্গার ইনজুরিতে পড়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়া একেবারেই আকস্মিক আঘাত। জয়াবর্ধনে অবশ্য দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে দারুণ আশাবাদী,"আমরা সব সময়ই সেরা ক্রিকেটারদের খেলাতে চাই। কিন্তু এ ধরনের ঘটনার ওপরে তো কারো নিয়ন্ত্রণ থাকে না। এখন বেশ কয়েক জন প্রতিশ্র"তিশীল তরুণের সামনে সুযোগ এসেছে নিজেদের প্রমাণ করার।" টম মুডি পরবর্তী যুগে এটাই শ্রীলঙ্কার প্রথম সিরিজ। মুডির অধীনে এবারের বিশ্বকাপে রানার্সআপ হওয়া সহ বেশ কিছু সাফল্য পেয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট। তবে পেছনে না তাকিয়ে জয়াবর্ধনে চাইছেন সামনের দিকে দৃষ্টি দিতে,"গত দু বছর টম (মুডি) আমাদের জন্য দারুণ কাজ করেছেন। কিন্তু তিনি তো নিজেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলা শুরু করতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২২১৬ ঘ.