ঢাকা, ২৩ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- নিবিড় অনুশীলনই করে চলেছিলেন কেবল। ম্যাচ প্র্যাকটিসের সুযোগ আর মিলছিল না শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ওয়ানডে দলে থাকা ক্রিকেটারদের। ওদিকে ৩০ জুন এক মাসের সফরে শ্রীলঙ্কায় রওনা হওয়ার অপেক্ষায় থাকা অনুর্ধ্ব --- ১৯ দলেরও ম্যাচ প্র্যাকটিস দরকার। দুয়ে দুয়ে চার মিলে যাওয়ায় রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একটা ওয়ানডে প্র্যাকটিস ম্যাচ মাঠে গড়াচ্ছে। যে ম্যাচে মাহমুদুল হাসানের নেতৃত্বে থাকা অনুর্ধ্ব --- ১৯ দলের মুখোমুখি হচ্ছেন তুষার ইমরান, আফতাব আহমেদ, তামিম ইকবাল, ফরহাদ রেজা এবং মাহমুদুল্লাহ রিয়াদরা।
কিন্তু পাঁচজনে তো আর দল হবে না। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেতনভুক্ত এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন এবং তাপস বৈশ্যদের পাশাপাশি ডাকা হয়েছে আরো কিছু ক্রিকেটারকে। প্রসঙ্গত শ্রীলঙ্কা সফর শেষ করে ৩০ জুলাই বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল মালয়েশিয়া সফরেও যাবে। ২০০৮ সালে যুব বিশ্বকাপের আসর বসবে সেখানেই। যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মালয়েশিয়া সফরে নিয়ে যাওয়া হচ্ছে মাহমুদুল হাসানদের। আর তুষার ইমরানরা ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবেন ১৪ জুলাই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯৫৩ ঘ.
bdnews24