কলম্বো, ২১ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মারভান আতাপাত্তুকে না পাওয়ার ধাক্কা সামলে উঠতে না উঠতে শ্রীলঙ্কার জন্য আরেকটি দুঃসংবাদ। পায়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টেস্টে খেলতে পারছেন না উপুল থারাঙ্গা। বৃহস্পতিবার সকালে প্র্যাকটিসে লাসিথ মালিঙ্গার একটি বল পায়ে এসে আঘাত করায় বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে এই ওপেনারকে।
২২ টেস্টের ক্যারিয়ারে ৩০ দশমিক ৬৮ গড়ে ৬৭৫ রান করা থারাঙ্গার বাংলাদেশের সঙ্গে পারফরম্যান্স সবসময়ই দারুণ। টেস্টে এই বাঁহাতি ওপেনারের একমাত্র সেঞ্চুরি (১৬৫) এসেছে বাংলাদেশের বিপক্ষেই। গত বছর বগুড়ায় ঐ সেঞ্চুরি সহ বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে ৯৯ গড়ে তার রান ২৯৭ রান। সেই থারাঙ্গাকে প্রথম টেস্টে না পাওয়া শ্রীলঙ্কানদের জন্য নিঃসন্দেহে বড় এক ধাক্কা। ব্যক্তিগত কারণে আতাপাত্তু নিজেকে সরিয়ে নেয়ায় ১৫ সদস্যের টেস্ট দলে দুটো জায়গা এখন খালি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি কে, মাথিভানান জানিয়েছেন সেই শূন্য স্থান পূরণ করা হবে থিলান সামারাবীরা, মাইকেল ভ্যানডর্ট ও জিহান মুবারকের মধ্য থেকে। তিন জনই এখন বাংলাদেশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন শ্রীলঙ্কা 'এ' দলের হয়ে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম টেস্ট শুরু হবে ২৫ জুন থেকে, ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম।
ক্রিকইনফো-এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪০ঘ.
bdnews24