করাচি, ২০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- রিচার্ড ডান ও জিওফ লসনের সাক্ষাতকার পর্ব শেষ। এবার পালা ডেভ হোয়াটমোরের। বৃহস্পতিবার বাংলাদেশের সদ্য বিদায়ী কোচের সাক্ষাতকার নেবে পিসিবি'র তিন সদস্যের একটি কমিটি। উদ্দেশ্য প্রয়াত বব উলমারের উত্তরসূরী নির্বাচন। বুধবার পাকিস্তানে পৌঁছেও গেছেন হোয়াটমোর।
বিশ্বকাপ চলার সময় ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করে একেবারে হৈ-চৈ ফেলে দিয়েছিলেন হোয়াটমোর। এর পর ভারতের বাংলাদেশ সফরে চট্টগ্রাম টেস্ট চলার সময় বিসিসিআই প্রেসিডেন্ট শারদ পাওয়ার ও সেক্রেটারি নিরঞ্জন শাহ যখন তার সঙ্গে কথা বললেন তখন মনে হয়েছিল হোয়াটমোরের ভারতের কোচের দায়িত্ব পাওয়া শুধুই সময়ের ব্যাপার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিসিসিআই জানিয়ে দেয় কলম্বোতে জন্ম নেয়া এই অস্ট্রেলীয়কে তারা কোচ করতে আগ্রহী নয়। তার পরই পিসিবি'র কোচের জন্য বিজ্ঞাপন দেখে আবেদন করেন হোয়াটমোর। আরো কয়েক জনের কাছ থেকে আবেদন পেয়ে শেষ পর্যন্ত সাক্ষাতকারীর তালিকা তিন জনে নামিয়ে আনে পিসিবির তিন সদস্যের কোচ অন্বেষণ কমিটি।
হোয়াটমোর ছাড়া সেই সংক্ষিপ্ত তালিকার বাকি দু জনও অস্ট্রেলীয়। এদের মধ্যে এক জন আইসিসি'র হাই-পারফরম্যান্স ম্যানেজার ও অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের সাবেক ফাস্ট বোলার রিচার্ড ডান কখনো আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। তবে অন্যজন অর্থাৎ জিওফ লসন ছিলেন আশির দশকে আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ। অস্ট্রেলিয়ার হয়ে ৪৬টি টেস্ট খেলে সাবেক এই ফাস্ট বোলারের শিকার ১৮০ টি উইকেট, আর ৭৯ ওয়ানডেতে উইকেট সংখ্যা ৮৮টি। সাক্ষাতকার দেয়ার পর মঙ্গলবার অ্যাবোটাবাদে কন্ডিশনিং ক্যাম্পে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখাও করেছেন লসন।
পিসিবি'র চেয়ারম্যান নাসিম আশরাফের ইচ্ছা ১ জুলাইয়ের মধ্যে কোচ নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাক। তবে পিসিবির ডিরেক্টর অফ অপারেশন্স ও কোচ অন্বেষণ কমিটির অন্যতম সদস্য জাকির খান জানিয়েছেন এ ব্যাপারে তারা কোনো রকম তাড়াহুড়া করবেন না,"ঠিক কোন্ তারিখে কোচের নাম ঘোষণা করা হবে তা এখনই বলা যাচ্ছে না। তিন জনের সাক্ষাতকারের পর আমাদের কমিটি একটা সমন্বিত রিপোর্ট তৈরি করবে এবং পছন্দের ব্যক্তির কথা চেয়ারম্যানকে জানাবে। এর পর তিনি সেই রিপোর্ট অ্যাড-হক কমিটিকে জানাবেন। শুধু মাত্র তার পরই সিদ্ধান্ত নেয়া হবে।" তিন জনের মধ্যে পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে কে সবচেয়ে বেশি এগিয়ে এমন প্রশ্নের উত্তরেও পরিষ্কার করে কিছু জানাতে চাননি তিনি,"যোগ্যতা ও অতীতের অর্জনের ভিত্তিতেই এই তিন জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে।"
পিসিবি যখন কোচ খুঁজতে ব্যস্ত ঠিক তখনই আসরে প্রবেশ করলেন জাভেদ মিয়াঁদাদ। অনেকের মতে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান তার আক্রমণাত্মক কথার জন্য অনেক দিন ধরেই পরিচিত। পিসিবির অনেক উদ্যোগের কড়া সমালোচক মিয়াঁদাদের বিজ্ঞাপন দিয়ে কোচ খোঁজার ব্যাপারটা মোটেও ভাল লাগেনি। তার মতে আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো কোচই এভাবে বিজ্ঞাপন দেখে আবেদন করতে চাইবেন না! এবং তার ধারণা লসন আনুষ্ঠানিকভাবে আবেদনও করেননি এই পদের জন্য। অথচ সেই লসনকে সাক্ষাতকার দিতে দেখে ক্ষোভ আর চেপে রাখতে পারেননি তিন বার পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করা মিয়াঁদাদ। পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক 'ডন'-এর সঙ্গে কথা বলার সময় উষ্মা ফুটে বেরিয়েছে তার কণ্ঠ থেকে,"এখন আমি পিসিবির কাছে প্রশ্ন করতে চাই, ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? এই পদের জন্য যারা আবেদন করেছে তাদেরকে বিবেচনা করার পাশাপাশি তারা (পিসিবি) আবেদন করেনি এমন ব্যক্তির সঙ্গেও যোগাযোগ করেছে!"
ক্রিকইনফো-এর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৩৫ঘ.
bdnews24