ডারহাম, ১৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হার্নিয়া সমস্যাটা তেমন গুরুতর মানছেন না স্টিভ হার্মিসন। এজন্য অস্ত্রোপচার দরকার হলেও, সেটাকে মৌসুমের শেষ পর্যন্ত ঠেকিয়ে রাখতে চান ইংল্যান্ডের এই ফাস্ট বোলার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখপাত্র অ্যান্ড্রু ওয়ালপোল অবশ্য জানিয়েছেন হার্মিসন তেমন মারাত্মক ধরণের হার্নিয়ায় ভুগছেন না, এতে তার বোলিংয়েও কোনো প্রভাব পড়ছে না।
২৮ বছর বয়সী হার্মিসন নিজেও তাই বলছেন। বুধবার কাউন্টি দল ডারহামের হয়ে ডোমেস্টিক কাপ সেমিফাইনালে খেলার ইচ্ছে তার। খেলতে চান ১৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে তিন টেস্টের সিরিজেও। ডারহাম টেস্টের শেষ দিনে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, "ওয়ার্ম আপের সময় পিঠে একটা টানের মতো অনুভব করলাম, সময় যত গড়ালো তা আরো আড়ষ্ঠ হতে থাকল। কিন্তু তারপরও নিজের মাঠে টেস্ট মিস করতে কোনোমতেই চাইনি আমি। যতটা সম্ভব বেশি বেশি খেলে যেতে চাইছি আমি। দারুণ হবে যদি মৌসুমের শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারি। কোনো টেস্ট ম্যাচ মিস করতে চাই না। কিন্তু ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করতে চাই, ৮০ মাইল নয়। আগামী তিন চার সপ্তাহের মধ্যে ঠিক করব কি করা যায়। যদি দেখি আগামী সপ্তাহেও বলের গতি বাড়ছে না তাহলে হয়তো একটা সিদ্ধান্তে আসতে হবে।"
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। হার্মিসন চাইছেন অস্ত্রোপচারটা আগস্টে করাতে। সে সময় ইংল্যান্ড-ভারতের মধ্যে ওয়ানডে সিরিজ চলবে। আর তারপর দক্ষিণ আফ্রিকায় বসবে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আসর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৩০০ঘ.
bdnews24