২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফি---রফিককে ছাড়াই প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ

টেস্ট সিরিজের আগে একটা তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আর স্থানীয় একটা দলের বিপক্ষে সেই ম্যাচটা হবে কলম্বো কোল্টস মাঠে, শ্রীলঙ্কায় যাওয়ার আগে এটুকুই কেবল জানতো বাংলাদেশ দল। তবে কলম্বো পৌছানোর পরও ওই ম্যাচে প্রতিপক্ষ কারা, সে বিষয়ে তাদের অন্ধকারে থাকাটা বিস্ময়করই। বুধবার থেকে যথাসময়েই তিনদিনের ম্যাচটা খেলতে নামছে মোহাম্মদ আশরাফুলের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 02:08 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, ১৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টেস্ট সিরিজের আগে একটা তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আর স্থানীয় একটা দলের বিপক্ষে সেই ম্যাচটা হবে কলম্বো কোল্টস মাঠে, শ্রীলঙ্কায় যাওয়ার আগে এটুকুই কেবল জানতো বাংলাদেশ দল। তবে কলম্বো পৌছানোর পরও ওই ম্যাচে প্রতিপক্ষ কারা, সে বিষয়ে তাদের অন্ধকারে থাকাটা বিস্ময়করই। বুধবার থেকে যথাসময়েই তিনদিনের ম্যাচটা খেলতে নামছে মোহাম্মদ আশরাফুলের দল। অথচ প্রতিপক্ষ শ্রীলঙ্কা 'এ' দল, এই তথ্যটা বাংলাদেশ শিবিরে পৌছানো হয়েছে ম্যাচের আগের দিন। শ্রীলঙ্কা 'এ' দল মানেই তাতে সেদেশের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারের সমাবেশ ঘটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের ম্যানেজার আলী আসিফ খান অন্ধকার থেকে এখনো পুরো বেরুতে পারছেন না। মঙ্গলবার সন্ধ্যায় কলম্বো থেকে টেলিফোনে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন,"আমরা এটুকুই কেবল জানি যে, শ্রীলঙ্কা 'এ' দলের সঙ্গে খেলবো। এর বাইরে আর কিছুই জানাতে পারছি না। শুনেছি এখানে নাকি 'এ' দল ঘোষণাই করা হয়নি।" তবে বাংলাদেশ দল এসবে কাতর না হয়ে বরং ম্যাচ প্র্যাকটিসের চিন্তাতেই বুঁদ হয়ে আছে। আর এই ম্যাচের জন্য তারা ১২ জনের দলও ঘোষণা করে দিয়েছে। দলের মূল স্ট্রাইক বোলার ও সহ---অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে এ ম্যাচে না খেলানোর সিদ্ধান্তই নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আসিফ জানাচ্ছেন,"মাশরাফি আর রফিককে আমরা বিশ্রামে রাখছি। ওদের সঙ্গে মেহরাব জুনিয়রও এই ম্যাচে খেলছে না।" মঙ্গলবার বাংলাদেশ দল দীর্ঘ সময় নিয়ে প্র্যাকটিস করেছে। সকাল নয়টায় শুরু হয়ে তা শেষ হয়েছে দুপুর একটায়। চার ঘন্টার এই সেশনে নেটে ব্যাটিং---বোলিং যেমন চলেছে, পাশাপাশি হয়েছে ফিল্ডিং প্র্যাকটিসও। বিকেলে হোটেল তাজ সমূদ্রের সুইমিং পুলে সাঁতারও কেটেছেন ক্রিকেটাররা। ২৫ জুন প্রথম টেস্ট দিয়ে অধিনায়ক আশরাফুলের নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেক হবে। তার আগে এই প্রস্তুতি ম্যাচ দিয়েই অবশ্য তার নতুন ইনিংসের ড্রেস রিহার্সেলটা হয়ে যাচ্ছে। ১২ জনের বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), শাহরিয়ার নাফীস, জাভেদ ওমর বেলিম, হাবিবুল বাশার, সাকিব আল হাসান, রাজিন সালেহ, খালেদ মাসুদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ শরীফ, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন এবং সৈয়দ রাসেল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০১০ঘ.